৯০ শতাংশকে পাস করানোর দাবিতে ছাত্রলীগের চাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস প্রফেশনাল পরীক্ষায় ৯০ শতাংশ পরীক্ষার্থীকে পাস করানোর দাবিতে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের মাধ্যমে এ হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তবে ছাত্রলীগের দাবি, সাধারণ ছাত্রছাত্রীরা এ আন্দোলন করছেন। ছাত্রলীগের হুমকি ও চাপের কারণে গত রোববার রাতে চমেকের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর শিক্ষকদের সঙ্গে জরুরি একটি সভা করেছেন। সভায় আজ মঙ্গলবার থেকে পরীক্ষা নেওয়ার পূর্বসিদ্ধান্ত বহাল রাখা হয়। জানা গেছে, কয়েক দিন ধরে ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন ছাত্র সংসদের পক্ষে ফেসবুকে পরীক্ষায় পাসের হার বাড়ানোর জন্য শিক্ষকদের উদ্দেশে হুমকি-ধমকি দেওয়া হয়। ছাত্র সংসদের ভিপি দেবাশীষ চক্রবর্তীর ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, ‘স্যারদের অত্যাচার অনেক সহ্য করেছি। প্রতিবার আশ্বাস দেয়, কিন্তু কোনোবারই কথা রাখা হয় না। এবার যদি চমেকের প্রথম, দ্বিতীয় বা ফাইনাল প্রফেশনালের কোনোটিতে পাসের হার ৯০ শতাংশের নিচে নামে, তাহলে আর ছাড় দেব না। কঠোর আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস অচল করে দেব।’চমেকের অধ্যক্ষ বলেন, ‘তারা না বুঝে পোস্টারিং করেছে। এটা ঠিক হয়নি। অনেক সাধারণ ছাত্রছাত্রীও একই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে। কিন্তু এখন পরীক্ষাপদ্ধতি পরিবর্তিত হয়েছে। কোডিং পদ্ধতিতে খাতা দেখা হয়। তাই এখানে কোনো কারসাজির সুযোগ নেই। ভাইভা এবং ব্যবহারিক পরীক্ষায় আমাদের ছেলেরা কিছু কিছু ক্ষেত্রে নম্বর কম পাচ্ছে। এটা নিয়ে তাদের একটা ক্ষোভ রয়েছে।’এ প্রসঙ্গে দেবাশীষ চক্রবর্তী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদের নাম দিয়ে এসব পোস্টারিং করেছে। এটা উচিত হয়নি। তবে এ আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। কারণ, যেখানে অন্যান্য বেসরকারি মেডিকেলে পাসের হার ৮০ শতাংশ, সেখানে আমাদের কলেজের পাসের হার ৫০ শতাংশ। আমরা বারবার বঞ্চিত হচ্ছি। তবে হয়তো আমাদের পদ্ধতিগত কিছু ভুল হয়েছে।’