বাংলাদেশে এখন প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে রাবার বাগান করা হচ্ছে। এই বাগান থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন রাবার উৎপাদিত হচ্ছে। দেশে রাবারের যে চাহিদা তা আগামী দুই-এক বছরের মধ্যে দেশে উৎপাদিত রাবার দিয়েই পূরণ করা সম্ভব হবে। এরপর উৎপাদিত রাবার বিদেশেও রপ্তানি করা যাবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল কাদির সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে হোটেলে রাবার বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া আগে সকালে হোটেলে রাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণনসংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএফআইডিসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীর খুরশিদ আনোয়ার, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মুমিনুর রশিদ আমীন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য নুরুল আলম চৌধুরী, কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কেরামত আলী মল্লিক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, বাংলাদেশ রাবার শিল্প সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ রাবার বাগান সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।