৯০টি কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কুমিল্লা বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসের হার ৫০ শতাংশের কম—এমন ৯০টি সরকারি ও বেসরকারি কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কুমিল্লা শিক্ষা বোর্ড। ঈদের পরই সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে পড়াশোনার মান উন্নয়ন ও ফল ভালো করার ব্যাপারে তাগিদ দেওয়া হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাসেম মিয়ার সঙ্গে গতকাল সোমবার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। 

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় ৮৮ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৪ হাজার ৩৫৯ জন। পাসের হার ৬১ দশমিক ২৯ শতাংশ। এর মধ্যে অকৃতকার্য হয় ৩৪ হাজার ৩৩৫ জন। অকৃতকার্য পরীক্ষার্থীর বেশির ভাগই ৯০টি কলেজের শিক্ষার্থী। এর মধ্যে ১৮টি সরকারি কলেজ রয়েছে। গত শনিবার ওই ফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া কমিউনিটি কলেজ থেকে ৪০ জন পরীক্ষা দিয়ে পাঁচজন পাস করেছেন। পাসের হার ১২ দশমিক ৫ শতাংশ। ফেনীর সোনাগাজী সরকারি কলেজ থেকে ২৩৪ জন পরীক্ষা দিয়ে ৪৬ জন পাস করেছেন। পাসের হার ১৯ দশমিক ৬৬ শতাংশ। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ থেকে ৮৪৪ জন পরীক্ষা দিয়ে ১৮৯ জন পাস করেছেন। পাসের হার ২২ দশমিক ৩৯ শতাংশ। কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়করা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৬ জন পরীক্ষা দিয়ে ২৯ জন পাস করেন। পাসের হার ২৫ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ থেকে ৪০৮ জন পরীক্ষা দিয়ে ১২০ জন পাস করেন। পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ। চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজ থেকে ৫৮২ জন পরীক্ষা দিয়ে ১৭২ জন উত্তীর্ণ হন। পাসের হার ২৯ দশমিক ৫৫ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তিন্নি আনোয়ার মহিলা কলেজ থেকে ৩৫ জন পরীক্ষা দিয়ে ১৪ জন পাস করেন। পাসের হার ৪০ শতাংশ। কুমিল্লা সরকারি মহিলা কলেজে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। ওই কলেজ থেকে এক হাজার ১০৫ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হন ৫৫২ জন।

জানতে চাইলে মো. আবুল কাসেম মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাসের হার ৫০ শতাংশের নিচে এমন কলেজের পড়াশোনার মান উন্নয়ন নিয়ে আমরা ঈদের পর সেমিনার করব। সেখানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে আমন্ত্রণ জানাব। বিপর্যয় কাটিয়ে উত্তরণ ঘটানোর জন্য বোর্ড সর্বাত্মক চেষ্টা চালাবে।’