৯০টি কেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে গত শুক্রবার সকালে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। এ সময় সন্ত্রাসীরা নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আবদুল জলিলের তিনটি বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে বসতঘরসহ গোলাভরা ধান আর কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। ছবিটি গতকাল দুপুরে তোলা।  প্রথম আলো
ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে গত শুক্রবার সকালে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। এ সময় সন্ত্রাসীরা নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আবদুল জলিলের তিনটি বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে বসতঘরসহ গোলাভরা ধান আর কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। ছবিটি গতকাল দুপুরে তোলা। প্রথম আলো

ভোট গ্রহণের আগের দিন থেকেই ফেনীর দুই উপজেলা সোনাগাজী ও ফুলগাজীতে বিচ্ছিন্ন বোমাবাজি শুরু হয়েছে। এখানে দুই উপজেলার ৯০টি কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ভোটের দিনকে সামনে রেখে বোমা তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার থেকেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ দল মাঠে নামানো হয়েছে। পাশাপাশি চলছে যৌথ বাহিনীর অভিযানও। দুই উপজেলার সবগুলো কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন বলেও তিনি জানান।
তিনজন হতাহত: গত শুক্রবার গভীর রাতে সোনাগাজীর মধ্যম আহম্মদপুর গ্রামে বোমা বিস্ফোরণে তিনজন হতাহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের কর্মী একরামুল হক ওরফে দুলাল (৫০) নিহত এবং মোহাম্মদ শরীফ (২২) ও মোহাম্মদ মিজান (৩৫) নামে যুবলীগের দুই কর্মী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে, আজ রোববারের ভোট গ্রহণকে সামনে রেখে বোমা তৈরির সময় বিস্ফোরণে এই তিনজন হতাহত হন।
ফুলগাজীতে বীভৎসতা: ফেনী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলগাজী উপজেলার বদরপুর গ্রাম। ওই গ্রামে গত শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দোকান ও বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ভয়ে গ্রাম ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গতকাল শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আবদুল জলিলের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গোলাভর্তি ধান থেকে শুরু করে নববিবাহিত পুত্রবধূর বিয়েতে পাওয়া উপহারসামগ্রীসহ কিছুই রক্ষা পায়নি। পুড়েছে কলেজপড়ুয়া ছেলের বইপত্র, ঘরে রক্ষিত নগদ টাকাপয়সা, স্বর্ণালংকার সবই।
স্থানীয় লোকজন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। আর আক্রমণকারীরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
ক্ষতিগ্রস্তদের মধ্যে দুজন নুর ইসলাম ও জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে ২০-২৫ জনের একটি দল আকস্মিক হামলা চালায়। তারা প্রথমে দা-কিরিচ দিয়ে এলোপাতাড়ি ঘরের বেড়ায় কোপাতে থাকে। এ সময় আশপাশের বাড়ির লোকজন অনেক অনুনয়-বিনয় করেও হামলাকারীদের থামাতে ব্যর্থ হয়। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে বাসিন্দাদের বের করে দিয়ে ককটেল ফাটিয়ে ও পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় খাবার ও পরনের কাপড় জুটলেও গতকাল শনিবার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রশাসন বা প্রার্থী কারও কাছ থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাননি।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহিদুর রহমান জানান, এ উপজেলার ৩০টি কেন্দ্রের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৭টি ভ্রাম্যমাণ দল গঠন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর তিনটি, র‌্যাবের দুটি ও পুলিশের ১৭টি দল সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।
এই উপজেলায় চার চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী একরামুল হক ও বিএনপি-সমর্থিত মাহতাব উদ্দিন চৌধুরীর মধ্যে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, অর্থের শক্তিতে দুজনই কাছাকাছি। মাহতাব উদ্দিনের অর্থের উৎস তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন ব্যবসা আর একরামুল হকের উৎস ঠিকাদারি।
লোকজন জানান, দুই দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বোমাবাজি হচ্ছে।
বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত এই উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এটি ফেনী-১ নির্বাচনী আসনের মধ্যে পড়েছে। বরাবরই এ আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করে থাকেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী একরাম চান বিএনপির এই দুর্গে নিজের অবস্থান ধরে রাখতে সচেষ্ট। সরকারি দলের আশীর্বাদপুষ্ট হয়ে গতবারও এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। ফেনীর একসময়ের ত্রাস জয়নাল হাজারীর বিলুপ্ত হয়ে যাওয়া সন্ত্রাসী বাহিনী ‘স্টিয়ারিং কমিটির’ কথিত ক্যাপ্টেন একরামুল হক এখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সোনাগাজীতে বিএনপি-জামায়াতের পাঁচ প্রার্থী: এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। অপর পাঁচ প্রার্থীর চারজনই নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে দাবি করছেন। এঁদের মধ্যে নিজাম উদ্দিন কেন্দ্রীয় বিএনপির সমর্থনপ্রাপ্ত আর আলমগীর হোসেন উপজেলা বিএনপির সমর্থনপ্রাপ্ত বলে দাবি করছেন। এ ছাড়া একই দলের অপর দুই নেতা জয়নাল আবেদীন (বাবলু) ও আমির উদ্দিনের (দোলন) প্রার্থিতা বহাল থাকলেও তাঁরা এখন আর নির্বাচনের মাঠে সক্রিয় নন। এ ছাড়া ফেনী জেলা জামায়াতের আমির নাজিম ওসমানীও চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁর দাবি, তিনি ১৯-দলীয় জোটের সমর্থিত প্রার্থী।
এদিকে সরকারি দলের লোকেরা বিএনপি-সমর্থিত ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন। আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করলেও বোমা তৈরি করতে গিয়ে এক কর্মী নিহত হওয়ার ঘটনা ভোটারদের ভাবাচ্ছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বোমাবাজির কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।