চট্টগ্রাম নগরের হালিশহরে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একমাত্র মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ৯০০ জন ছাত্রীর জন্য রয়েছে মাত্র ১০ জন শিক্ষক। এ ছাড়া এখানে ছাত্রীনিবাসের আসন সংকট, যানবাহন, ক্যানটিন, গ্যাসের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এসব সমস্যার কথা স্বীকার করে প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী অধ্যক্ষ আবদুল মালেক বলেন, শিক্ষা খাতের উন্নয়নে প্রায় সাত কোটি টাকার একটি প্রকল্প এসেছে। এর মাধ্যমে কিছু সমস্যার সমাধান হতে পারে। ইনস্টিটিউট সূত্রে জানা যায়, চট্টগ্রাম পলিটেকনিকে দুই পালায় চার বছর মেয়াদি চারটি ডিপ্লোমা কোর্স রয়েছে। এগুলো হচ্ছে: আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ইলেকট্রনিকস, কম্পিউটার এবং গার্মেন্টস পেটার্ন মেকিং। বর্তমানে এখানে ৩৭ জন শিক্ষক পদের বিপরীতে রয়েছেন মাত্র ১০ জন। পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন বিষয়ের কোনো শিক্ষক নেই। ছাত্রীদের একমাত্র হোস্টেলে রয়েছে ১২৫ জনের থাকার ব্যবস্থা। আসন সংকটের কারণে এখানে দুজনের জায়গায় চারজন করে থাকছেন। তবু দূরদূরান্তের সবার থাকার ব্যবস্থা হচ্ছে না। অনেকেই আশপাশের বাসাবাড়িতে ভাড়া থাকছেন। ঝিনাইদহ থেকে আসা শেফালী খাতুন বলেন, ‘আমরা দুজন বান্ধবী মিলে একটি বাড়িতে ভাড়া থাকছি। এতে কলেজে আসা-যাওয়ায় সমস্যা হয়।’ প্রকল্প বাস্তবায়ন ও ছাত্র পরিষদের ছয় দফা: জানা গেছে, সম্প্রতি শিক্ষা উপকরণের উন্নয়ন, যন্ত্রপাতি মেরামত বাবদ প্রায় সাত কোটি টাকার একটি প্রকল্পের বরাদ্দ পাওয়া গেছে। এর সুষ্ঠু বাস্তবায়নের জন্য ইনস্টিটিউটের ছাত্রী ও কর্মচারীরা অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহার চান। অন্য কারও হাতে এ বরাদ্দের সঠিক ব্যবহার হবে না বলে তাঁদের আশঙ্কা। অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ছাত্রীরা গতকাল মঙ্গলবার সকালে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে: গ্যাস-সংযোগ, নতুন হোস্টেল, শিক্ষকস্বল্পতার সমাধান, শহীদ মিনার ও অভিভাবকদের জন্য বিশ্রামকক্ষ এবং ছাত্রীদের জন্য গাড়ি। কারিগরি ছাত্র পরিষদ (বাকছাপ) চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক শারমিন মুনমুন বলেন, ‘অধ্যক্ষ স্যার বাজেটের টাকায় ইনস্টিটিউটের বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি না থাকলে এর সুষ্ঠু বাস্তবায়ন হবে না। তাই আমরা তাঁর বদলি আদেশ প্রত্যাহার চাই।’ গতকাল ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ইনস্টিটিউটের কর্মচারীরাও অধ্যক্ষকে ফিরিয়ে আনার জোর দাবি তোলেন। নিরাপত্তা প্রহরী মো. শাহাবুদ্দিন সরদার বলেন, ‘স্যার (অধ্যক্ষ) ফিরে না এলে এখানে কোনো উন্নয়ন হবে না। তিনি সব সময় আমাদের সুখ-দুঃখের কথা ভাবতেন।’ বদলি হয়ে যাওয়া অধ্যক্ষ আবদুল মালেক বলেন, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশেই আমি বদলি হয়ে এসেছি।’ তবে এখানে তাঁর প্রেষণে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে আবদুল মালেক বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে আমাকে প্রেষণে নিয়োগ দিতে পারে।’