৯০০ পরিবার চিকিৎসাসেবা বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আঞ্চলিক সংগঠনের সংঘাতের কারণে খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি এলাকার নয় শতাধিক পরিবার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।
চলতি বছর নাড়াইছড়ি এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা সেখানে যেতে পারেননি। এলাকায় টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রমও বন্ধ রয়েছে।
তথ্যানুসন্ধান ও বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি এলাকার দুটি আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও মুখোমুখি অবস্থানের কারণে সেখানকার নৌপথ ও হাঁটা চলাচল বন্ধ রয়েছে। ফলে নিরাপত্তাহীনতার কারণে চলতি বছর স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসেবা দিতে যাচ্ছেন না।
নাড়াইছড়ি এলাকার একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেখানে সাধারণ মানুষ স্বাভাবিক চলাচল করতে পারছেন না; সেখানে স্বাস্থ্যসেবা দিতে মাঠকর্মীরা কীভাবে সেখানে যাবেন?
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যে জানা যায়, ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি এলাকায় স্বাস্থ্য বিভাগের আটটি কেন্দ্র রয়েছে। সেখানে একজন পরিদর্শকসহ পাঁচ স্বাস্থ্যকর্মী দায়িত্বে রয়েছেন। তবে তাঁরা সেখানকার পরিস্থিতি ভালো না হওয়ায় নিরাপত্তাহীনতার কারণে সেখানে স্বাস্থ্যসেবা দিতে যেতে পারছেন না। আটটি কেন্দ্রের মধ্যে কালেন্দ্র কার্বারিপাড়া কেন্দ্রে ১৫২ পরিবার, ধীরেন্দ্র হেডম্যানপাড়া কেন্দ্রে ২২৭ পরিবার, চন্দ্র কুমার কার্বারিপাড়া কেন্দ্রে ১০৯ পরিবার, শ্যামাচরণ কার্বারিপাড়া কেন্দ্রে ২০০ পরিবার, নাড়াইছড়ি বাজার এলাকা কেন্দ্রে ১২১ পরিবার ও দেওয়ানপাড়া কেন্দ্রে ১৬৫ পরিবারসহ মোট ছয়টি কেন্দ্রের ৯৭৪টি পরিবার চলতি বছর ইপিআই কার্যক্রম, অন্যান্য রোগের সেবা পায়নি।
তবে আটটি কেন্দ্রের মধ্যে ধনপাতা বটতলী কেন্দ্রে ৭৬ পরিবার ও বাঙালি চান কার্বারিপাড়া কেন্দ্রের ৬৬টি পরিবার স্বাস্থ্যসেবা পাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক বিবেকান্দ চাকমা ও নাড়াইছড়ির এলাকার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী সেবাব্রত চাকমা জানান, অন্যান্য বছর তাঁরা হেঁটে নাড়াইছড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিতে পারলেও চলতি বছর পরিস্থিতি খারাপ ও নিরাপত্তাহীনতার কারণে সেখানে গিয়ে সেবা দিতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবগত আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ইপিআই কর্মসূচির মেডিকেল টেকনোলজিস্ট গোপাল কৃষ্ণ ত্রিপুরা বলেন, চলতি বছর নাড়াইছড়ি এলাকায় কোনো টিকার ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ত্রিলোক চাকমা বলেন, নাড়াইছড়ির পরিস্থিতি ভালো না। নিরাপত্তাহীনতার কারণে সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মীরা যেতে পারছেন না। তাই ওই এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে।
অপর দিকে নাড়াইছড়ি এলাকায় পরিবার পরিকল্পনাসেবাও বন্ধ রয়েছে। নাড়াইছড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ সহকারী মিলন সোনা চাকমা দুই এলাকায় সেবা দিতে পারছেন। নাড়াইছড়ির অন্যান্য এলাকায় নিরাপত্তাহীনতার কারণে যেতে পারছেন না।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান নাড়াইছড়ি এলাকায় পরিবার পরিকল্পনাসেবা বন্ধ থাকার বিষযটি স্বীকার করেছেন।