৯০০ পরিবারকে চাল দিল জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য সহায়তা হিসেবে জেলা প্রশাসনের দেওয়া চাল নিয়ে বাড়ি ফিরছেন তিন তরুণ। গতকাল দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া থেকে তোলা ছবি l প্রথম আলো
খাদ্য সহায়তা হিসেবে জেলা প্রশাসনের দেওয়া চাল নিয়ে বাড়ি ফিরছেন তিন তরুণ। গতকাল দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া থেকে তোলা ছবি l প্রথম আলো

খাদ্যসংকটে পড়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ৭৬ গ্রামের ৯০০ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। গতকাল সোমবার ইউনিয়নের দুটি এলাকায় অসহায় মানুষের মধ্যে এই সহায়তা দেওয়া হয়।
গতকাল দুপুর ১২টায় সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ার ক্লাবঘরে ইউনিয়নের ১৬ গ্রামের ৩০০ পরিবারকে ২০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। এ সময় রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্না, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান, বাঘাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবাল চৌধুরী, মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা উপস্থিত ছিলেন।
সহায়তা দেওয়ার সময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্না বলেন, গত বছর জুমের ফলন হয়নি। সে জন্য দুর্গম গ্রামে খাদ্যসংকটে পড়েছেন অনেকে। তিনি বলেন, ‘সরকার অসহায় মানুষের পাশে আছে, থাকবে। চাল ও নগদ টাকা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আরও দেওয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, কিছু দিনের মধ্যে সাজেক ইউনিয়নের অতি দুর্গম ব্যাটলিং, তুইছুই ও শিয়ালদাই এলাকায় চাল ও নগদ টাকা দেওয়া হবে। সেখানে চাল পাঠাতে হেলিকপ্টারের জন্য আবেদন করেছেন তাঁরা।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় সাজেক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ৬০ গ্রামের ৬ শতাধিক পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, খাদ্যসংকটে থাকা সব পরিবার সহায়তা পাচ্ছে না। সাজেক ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তালছড়া গ্রামের কার্বারি (গ্রামপ্রধান) পূর্ণ বসু চাকমা অভিযোগ করেন, গ্রামে ১৯ পরিবার। সব পরিবারই খাদ্যসংকটে রয়েছে। এর মধ্যে শুধু নয় পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। অথচ সবাইকে ডাকা হয়েছে। যারা সহায়তা পায়নি তারা ছয় ঘণ্টার পথ হেঁটে এসে খালি হাতে চলে গেছে।
এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, অভাবী পরিবারের সংখ্যা অনেক বেশি। যেসব পরিবার এখন সহায়তা পায়নি ভবিষ্যতে বরাদ্দ পেলে তাদের সহায়তা দেওয়া হবে।