৯০০ বর্গমিটার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ভৈরব নৈশ মৎস্য আড়ত ঘাট এলাকায় গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ৯০০ বর্গমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে l ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ভৈরব নৈশ মৎস্য আড়ত ঘাট এলাকায় গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ৯০০ বর্গমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে l ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ভৈরব নৈশ মৎস্য আড়তঘাট এলাকায় গত শুক্রবার রাত থেকে ভাঙন দেখা দেয়। এরই মধ্যে ৯০০ বর্গমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক নদীভাঙনের কারণে নৈশ মৎস্য আড়তটি হুমকির মধ্যে পড়েছে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে গত শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের নেতৃত্বে অরেকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, বর্তমানে যে স্থান ভাঙছে সেটি নৈশ মৎস্য আড়তঘাট এলাকা। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিস্তৃত হাওর থেকে আহরিত মাছের বড় অংশ এই আড়তে বিকিকিনি হয়। এ ছাড়া ভাঙন এলাকায় কয়লাবোঝাই বেশ কয়েকটি বড় জাহাজ নোঙর করা।

পাউবোর ভৈরব কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রুবেল মিয়া জানান, শুক্রবার রাত থেকে গত শনিবার দুপুর পর্যন্ত ৯০০ বর্গমিটার এলাকা ভেঙে গেছে। ভাঙন এলাকার কোনো কোনো স্থানে ১০ থেকে ২০ মিটার পর্যন্ত গভীর খাদের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা কয়লাবোঝাই বড় জাহাজগুলো নোঙর ও ছেড়ে যাওয়ার সময় সৃষ্ট ঘূর্ণি থেকেই খাদ সৃষ্টি হয়ে থাকতে পারে।’

স্থানীয় লোকজন জানান, রাত আটটার দিকে ভাঙনের বিষয়টি নজরে আসে। ভাঙনের সময় পানি থেকে এক ধরনের শব্দ হতে থাকে। তখন তাঁরা দ্রুত বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমরা খুবই দুশ্চিন্তায় আছি। এই আড়তের মাধ্যমে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কোনো কারণে বিপর্যয়ের মধ্যে পড়তে হলে ঘুরে দাঁড়ানোর আর কোনো ব্যবস্থা থাকবে না।’

নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘আপাতত ভাঙন থেমেছে বলে মনে হচ্ছে। তবে ভাঙনের ধরন ও গতি দেখে মনে হচ্ছে, এ এলাকা নিরাপদ করতে হলে পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সে ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন। বর্তমানে মাটিভর্তি ব্যাগ ও পাথর ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের পরিকল্পনা করা হচ্ছে।’