নরসিংদী থেকে বংশালে বোনের বাড়ি বেড়াতে এসে পা ভেঙেছেন সালমা বেগম। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসা নিয়েছেন। ব্যান্ডেজ বাঁধা পা নিয়ে বেলা দুইটার দিকে সালমা ভাগনির কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বের হয়েছেন। হুইলচেয়ার খুঁজে পাননি। হদিস পাননি ট্রলিরও।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন ৯০০ থেকে ১০০০ রোগী চিকিৎসা নেন। এখানে ট্রলি আছে ৩০টি, হুইলচেয়ার ৩টি। তবে সচল মাত্র একটি হুইলচেয়ার। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জরুরি বিভাগের ফটকে দাঁড়িয়ে থেকে একবার দেখা গেছে একমাত্র সচল ওই হুইলচেয়ার। এ সময়ে নাকে অক্সিজেনের নল ঢোকানো, তীব্র ব্যথায় কাতর, পা ভাঙা এবং সড়ক দুর্ঘটনায় আহত রোগী পাওয়া গেছে কমপক্ষে ২৫ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর এ সমস্যাকে অন্যভাবে দেখছেন। প্রথম আলোকে তিনি বলেন, কখনো কখনো রোগীর স্বজনেরা ট্রলিতে করে রোগীকে নিয়ে যান, কিন্তু সেটি আর আগের জায়গায় রেখে যান না। এসব দেখভালের লোকস্বল্পতা রয়েছে। প্রতি পালায় কাজের জন্য কর্মী আছেন ৮ থেকে ১০ জন।
ট্রলির ব্যবসা: জনবলসংকটের সুযোগে এই হাসপাতালে কিছু উটকো লোক ট্রলিগুলোতে রোগী পরিবহনের রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছেন। টাকা ছাড়া তাঁরা রোগীদের ট্রলিতে তোলেন না। অবস্থা বুঝে এঁরা ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করেন। জরুরি বিভাগে ঢোকার পথে একটি কক্ষে ট্রলিগুলো রাখা হয়। তবে কক্ষটির বাইরে এ বিষয়ে কিছু লেখা নেই। ট্রলি ব্যবহার করতে যে কোনো খরচের দরকার নেই, বেশির ভাগ রোগীর স্বজনেরাই তা জানেন না। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা রোগীরা অ্যাম্বুলেন্স থেকে নেমেই রোগীকে ট্রলিতে তুলতে হয়রানির শিকার হন।
অন্তর্বিভাগেও সংকট: ২ হাজার ৬০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে ৩০০০ রোগী অন্তর্বিভাগে ভর্তি থাকেন। এখানেও হুইলচেয়ার ও ট্রলির সংকট আছে। হাসপাতাল সূত্র জানায়, ৭৬টি ওয়ার্ডের প্রতিটিতে দুই থেকে তিনটি ট্রলি ও হুইলচেয়ার আছে। কিন্তু অসুস্থ রোগীদের অন্যের ওপর ভর দিয়ে চলতে দেখা গেছে অন্তর্বিভাগেও। নড়াইল থেকে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দেখা গেছে এক হাতে ক্রাচ এবং অন্য হাতে ইউরিনের ব্যাগ ধরে হাঁটতে। তিনি জানান, তাঁর কিডনিতে সমস্যা আছে। তার ওপর পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। হুইলচেয়ার নেননি কেন জানতে চাইলে তিনি বলেন, হুইলচেয়ার আছে কি না, তা-ই তিনি জানেন না। ওই একই দিন টঙ্গী থেকে আসা এক নারীকে তাঁর স্বজনের কাঁধে ভর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে আগাতে দেখা যায়। তাঁরাও হুইলচেয়ার বা ট্রলি জোগাড় করতে পারেননি। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাওয়ার ক্ষেত্রেও রোগীরা অসুবিধায় পড়ছেন। সিরাজগঞ্জ থেকে স্নায়ুতন্ত্রের (নিউরোলজি) রোগে ভোগা স্বজনকে নিয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের এক ছাত্র। জরুরি বিভাগ থেকে ট্রলি নিয়ে ১০০ নম্বর ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে চাইছিলেন। অনুমতি পাননি। কোথায় ট্রলি পাবেন, তা-ও তাঁরা জানেন না বলে উল্লেখ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রলির সংকট মেটাতে আরও ৫০টির মতো ট্রলি কেনার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল বাড়ানোরও জোর চেষ্টা চলছে।