৯০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ভাষা উৎসব
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শনিবার উত্তরণ ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষা এবং সাহিত্যজ্ঞান বাড়াতে এ আয়োজন। এতে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৯০০ শিক্ষার্থী অংশ নেয়।
মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গতকাল সকালে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ ভাষা চর্চা কেন্দ্র ।
ভাষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ ভাষা চর্চা কেন্দ্রের সভাপতি রফিকুর রশিদ রিজভী। প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনীর ইউএনও আরিফ-উজ-জামান।
ভাষা উৎসবে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত ৮৮২ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের ইংরেজি ও বাংলা ভাষা এবং সাহিত্য—এই তিন বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। তিনটি গ্রুপে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তিনটি গ্রুপের শীর্ষ ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে চারজন গুণী শিক্ষককে সম্মাননা পদক দেওয়া হয়। তাঁরা হলেন আ ফ ম ইদ্রিস (মরণোত্তর), গোলাম আম্বিয়া (মরণোত্তর), গোলাম মোস্তফা ও নিয়ামতুল্লাহ।