৯০৭০ কোটি টাকা আত্মসাৎ এক বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল (বাঁয়ে)। পাশে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান  ।  ছবি: প্রথম আলো
গতকাল সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল (বাঁয়ে)। পাশে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান । ছবি: প্রথম আলো

গত এক বছরে ২১টি বহুমুখী, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি থেকে প্রায় নয় হাজার ৭০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব সমিতির ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তরাই এই আত্মসাতের সঙ্গে বেশি জড়িত। বিপুল পরিমাণ এই অর্থ এসব সমিতির প্রায় নয় লাখ সদস্য ও গ্রাহকের।
গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ‘সমবায় সমিতি ব্যবস্থাপনা: সুশাসনের চ্যালঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২০১৩ সালের ১০ মার্চ থেকে ২০১৪ সালের ২৫ মার্চ পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর থেকে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করে এই আত্মসাতের বিষয়টি টিআইবির প্রতিবেদনে সন্নিবেশিত হয়েছে। প্রতিবেদনে সমবায় সমিতির নাম প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমবায় সমিতিগুলোর অভ্যন্তরীণ সমস্যার কারণে দেশের প্রায় ৪৭ শতাংশ সমিতি অকার্যকর। এ ছাড়া সমিতির কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনাও ঘটে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মহাখালীর অবকাশ হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ। আর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন টিআইবির উপকর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ও নিহার রঞ্জন রায়।
প্রতিবেদনে দুর্নীতি ও আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরতে বহুল আলোচিত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির তথ্য তুলে ধরা হয়েছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১২ সাল পর্যন্ত ডেসটিনি সাড়ে আট লাখের বেশি বিনিয়োগকারীর কাছ থেকে দুই হাজার ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো হলো: অধিক মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ, অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ, নতুন প্রতিষ্ঠান খোলা ও বিনিয়োগ আকৃষ্ট করতে ৪৬ শতাংশ পর্যন্ত লাভ দেওয়ার প্রলোভন। এ ছাড়া এই প্রতিষ্ঠান থেকে এক হাজার ১১৪ কোটি টাকা ডেসটিনি ২০০০ লিমিটেডের হিসাবে সরানো হয়েছে। ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ার সমিতির নামে স্থানান্তর করা হয়েছে। সদস্য সংগ্রহের জন্য পরিবেশকদের কমিশন বাবদ ৭৪০ কোটি টাকা খরচ হয়েছে। আর আট লাখ গ্রাহকের মধ্যে ৩০ শতাংশই ভুয়া। সমিতির সদস্যদের বাইরে ২৭০ কোটি ৫২ লাখ টাকা অনুমোদনহীনভাবে ঋণ প্রদান করা হয়েছে।
নিয়মবহির্ভূত লেনদেন: বিভিন্ন ধরনের সমবায় সমিতি নিবন্ধন, নিরীক্ষা কার্যক্রম, পরিদর্শনের সময় নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন হয় বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিবন্ধন নেওয়ার সময় জেলা ও উপজেলা পর্যায়ে প্রাথমিক সমিতির জন্য আট থেকে ১০ হাজার টাকা, ঢাকা বিভাগ ব্যতীত অন্য বিভাগীয় পর্যায়ের প্রাথমিক সমিতির জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা, পুরো ঢাকা মেট্রোপলিটন এলাকার সমিতির জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং সমগ্র ঢাকা জেলায় কার্যক্রম পরিচালনার সমিতির জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়।
অন্যদিকে উপজেলা, বিভাগীয় শহর ও ঢাকা মেট্রোপলিটন এলাকার সমিতির নিরীক্ষা কার্যক্রমের জন্য সরকারি পরিদর্শকদেরও টাকা দিতে হয়। উপজেলা পর্যায়ে এক থেকে দুই হাজার, বিভাগীয় শহরে ১৫ থেকে ২০ হাজার টাকা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৫ থেকে ৩০ হাজার টাকা দিতে হয়। সমবায় সমিতি পরিদর্শনে গেলেও সরকারি পরিদর্শকের টাকা দিতে হয়। জেলা পর্যায়ে এর পরিমাণ ৫০০ থেকে এক হাজার টাকা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় দুই থেকে তিন হাজার টাকা।
আর্থিকভাবে লোভনীয় এলাকায় বদলি পদায়ন পেতে সমবায় কর্মকর্তাদেরও নিয়মবহির্ভূতভাবে টাকা দিতে হয়। সে ক্ষেত্রে পছন্দের উপজেলায় ৪০ থেকে ৫০ হাজার এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার থানা পর্যায়ে চার থেকে পাঁচ লাখ টাকা দিতে হয়। পছন্দের এলাকায় বদলি হতে রাজনৈতিক ক্ষমতাশালীদের তদবিরের প্রয়োজনও হয়। তবে সব কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ধরনের আর্থিক লেনদেন প্রযোজ্য নয় বলে টিআইবি জানিয়েছে।
টিআইবি আরও বলছে, কিছু সমিতি বিতরণকৃত ঋণের ওপর ৩০ থেকে ৪০ শতাংশ সুদ আদায় করে থাকে, যা আইনের পরিপন্থী। বিনিয়োগকৃত অর্থের উৎস যাচাই ও নির্দিষ্ট হারে কর দেওয়ার বাধ্যবাধকতা না থাকায় বহুমুখী ও সঞ্চয়-ঋণদান সমিতিগুলো অবৈধ আয় বা কালোটাকা গচ্ছিত রাখার উপায় হিসেবে ব্যবহূত হয়।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, সমিতিগুলো পরিদর্শনে দুর্বলতা রয়েছে। পরিদর্শকদের ভাতা দেওয়া হয় না। তাই প্রতিবেদনেও দুর্বলতা থাকে। আর কঠিন প্রতিবেদন দিলে ওই পরিদর্শকের ওপর নানা চাপ আসে।
ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিশেষ করে ভূমি, জলমহাল দখলের জন্য অনেক সমবায় সমিতি গঠিত হয়। তাঁর মতে, সমবায় সমিতিগুলো অধিক মুনাফার লোভে প্রতারণার আশ্রয় নেয়। সরকারের কৌশল ও পর্যবেক্ষণের ঘাটতির কারণেই এমন হচ্ছে।