৯০৯ মণ ইলিশ জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের উপকূলীয় চারটি প্রধান প্রজননস্থলে ইলিশ ধরার ওপর ১১ দিনের নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। পটুয়াখালীতে অভিযানকালে জেলেরা নৌবাহিনীর সদস্যদের ওপর হামলা চালান। ভোলা জেলায় গতকাল মঙ্গলবারই ৯০৯ মণ ইলিশ জব্দ করা হয়েছে। বাগেরহাটে ইলিশ ধরার দায়ে চারজনকে জরিমানা করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটুয়াখালী: বাউফলের তেঁতুলিয়া নদীতে জেলেরা ইলিশ ধরার সময় নৌবাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় ৩৫ লাখ টাকার জাল জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে জেলেরা নৌবাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল ছোড়েন। আত্মরক্ষার্থে নৌবাহিনীর সদস্যরা তখন ১০টি ফাঁকা গুলি ছোড়েন। গতকাল দুপুরে পটুয়াখালীর বাউফলের চর ওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মংলা নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার সৈয়দ আলী হাসান জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় তাঁরা প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছেন। তিনি আরও জানান, টহল দলের সদস্যরা চর ওয়াডেল এলাকায় পৌঁছালে আনুমানিক ২০টির মতো ট্রলার চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন। এর আগে গত সোমবারও তেঁতুলিয়া নদীতে নৌবাহিনীর সদস্যরা টহলে নেমে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন।ভোলা: গতকাল মাছ ধরার আটটি নৌকাসহ ৯০৯ মণ ইলিশ ও ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ১২৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, তাঁরা গতকাল মনপুরার মেঘনায় টহল দিয়ে মাছ ধরার পাঁচটি নৌকা জব্দ করেন। সব কটি নৌকাতেই ইলিশ ছিল, যার আনুমানিক ওজন ৪০০ মণ। এ সময় চারজন জেলেকে আটক এবং আট হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল মেঘনার সর্ব দক্ষিণে ঢাল চরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ টহল দল তিনটি নৌকাভর্তি ইলিশ জব্দ করে। এর মধ্যে ২৫০ মণ ইলিশ ছিল। মাছ ধরার দায়ে ১৭ জন জেলের জেল-জরিমানা দেওয়া হয়েছে এবং ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।লালমোহন মৎস্য কার্যালয় সূত্র জানায়, গতকাল তারা চার হাজার মিটার জাল ও ২৫০ মণ ইলিশ জব্দ করেছে। তজুমদ্দিন উপজেলার মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, মেঘনায় জাল ফেলার দায়ে বিভিন্ন মেয়াদে ৭৪ জনের জেল-জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩৫ হাজার মিটার জাল ও ৯ মণ ইলিশ জব্দ করা হয়েছে।দৌলতখান মৎস্য কর্মকর্তা মো. কামাল জানান, গতকাল বিভিন্ন মেয়াদে ২৮ জনের জেল-জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৬ হাজার মিটার জাল ও ৪০০টি মা-ইলিশ জব্দ করা হয়েছে।বাগেরহাট: শহরের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে সোমবার রাতে পুলিশ সদস্যরা একটি কাভার্ড ভ্যানবোঝাই ৬০ মণ ইলিশ জব্দ ও তিনজনকে আটক করেছেন। রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক হওয়া ব্যক্তিদের নয় হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন: কাভার্ড ভ্যানের চালক পটুয়াখালী সদরের মো. ইব্রাহিম (৩০), তাঁর সহকারী বরিশালের বাখেরগঞ্জের মো. কুদ্দুস খান (২৫) এবং ইলিশ ব্যবসায়ীর প্রতিনিধি পিরোজপুরের শংকরপাশা এলাকার মো. আল আমিন মাতুব্বর (৩৫)। জব্দ ইলিশ স্থানীয় একটি হিমাগারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।একই সময় আদালত পৃথক ঘটনায় প্রায় ২০ কেজি ইলিশসহ আটক হওয়া পিরোজপুরের মঠবাড়িয়ার মো. হামিমকে (৪০) ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেন।