৯০-তে নূরজাহান বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর চোখে খুশির ঝিলিক। বললেন, ‘নারীদের লেখা আগের তুলনায় অনেক সাবলীল হয়েছে। আমার একটা স্বপ্ন আছে, আর কিছুদিন পর মেয়েরা স্বাধীনভাবে পূর্ণাঙ্গ সংবাদপত্র বের করবে।’
যিনি বললেন, তিনি আজ বৃহস্পতিবার ৯০–তে পা রাখলেন। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের কথা বলছি। পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের ৩৮ নম্বর বাড়িতে বসে বুধবার কথা হচ্ছিল তাঁর সঙ্গে। জানালেন, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। বললেন, ‘আমি এখন জীবনের শেষ অধ্যায়ে অবস্থান করছি।’
অনেকেরই মনে পড়ে যাবে, বেগম বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে সাহিত্যচর্চার পৃথক ক্ষেত্র হিসেবে বেগম বের হয়। ১৯৫০ সালে বেগম চলে আসে ঢাকায়। বেগম-এর প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এবং প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন বেগম সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন মোহাম্মদ নাসিরউদ্দীনের সুযোগ্য মেয়ে নূরজাহান বেগম। বেগম-এর প্রথম সংখ্যা ছাপা হয়েছিল ৫০০ কপি। মূল্য ছিল চার আনা। প্রচ্ছদে ছাপা হয়েছিল বেগম রোকেয়ার ছবি।
এখন প্রিন্টার্স লাইনের দিকে চোখ দিলে দেখা যাবে: ‘সম্পাদিকা ও প্রকাশিকা: নূরজাহান বেগম, ৬৬ লয়াল ষ্ট্রীট, ঢাকা-১১০০। সওগাত প্রেস ঢাকা হইতে নূরজাহান বেগম কর্তৃক মুদ্রিত’। সাপ্তাহিক এই পত্রিকাটি এখন মাসিক পত্রিকা হিসেবে বের হচ্ছে। এই পত্রিকায় কার লেখা যাবে, কার ছবি যাবে, কোন কোন বিষয় থাকবে, তার সবই করছেন নূরজাহান বেগম। তবে বয়সের কারণে পত্রিকাটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এখন তাঁর বড় মেয়ে ফ্লোরা নাসরীন খানের।
কথা বলতে বলতেই নূরজাহান বেগম ডাকলেন তাঁর দেখভালকারী কিশোরী শরিফাকে। তাকে তিনি বেগম পত্রিকার প্রথম সংখ্যাটি আনতে বললেন। মৃদু কণ্ঠে জানালেন, সরকার, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর—কোথাও এ সংখ্যাটি সংরক্ষণ করেনি। নূরজাহান বেগমের কাছে থাকা একমাত্র কপিটি উইপোকা কেটে প্রায় কুটিকুটি করে ফেলেছে।
এবার তিনি জীবনের বিভিন্ন অধ্যায়ের ঝাঁপি খুলে ধরলেন প্রথম আলোর সামনে। বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন ও মা ফাতেমা খাতুনের একমাত্র কন্যা নূরজাহান বেগম বললেন, ‘আজকাল পত্রিকার পাতা খোলাই যায় না। তাতে শুধু ফতোয়া আর নারী নির্যাতনের খবর। নারী নির্যাতকদের কঠোর শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।’
বেগম-এর প্রসঙ্গ আসতেই নূরজাহান বেগম বলেন, ‘মেয়েদের অবরোধ করে রাখা হয়েছিল। সেই বাধা আমরা ভেঙেছি। ১৯৪৭ থেকে ২০১৫। এখনো বেগম আপনাদের হাতে আছে। আমি না থাকলেও আশা করি বেগম বেঁচে থাকবে। একটি পত্রিকা হিসেবে সে যুগে বেগম যা করেছে, আমি মনে করি না আর কোনো পত্রিকা সেভাবে তা করতে পেরেছিল।’
নূরজাহান বেগমের খাবার টেবিলে বেলি ফুল। বিছানায় মরিয়ম বেগম নামক লেখিকার লাল, নীল সবুজ নামের একটি বই। বিছানার কাছেই ল্যান্ডফোন। ফোনেই নানা খবর পান। বেগম পত্রিকার অফিস থেকে লোকজন এসে নিয়মিত সব বুঝে নেন। বাকি সময়টা শুয়ে-বসেই কাটাতে হয়। সংসার ও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় দুই মেয়ে ফ্লোরা নাসরীন খান ও রিনা ইয়াসমিন আহমেদ সব সময় আসতে পারেন না মায়ের কাছে। তাই খানিকটা একাকিত্বেও ভুগছেন তিনি।
নূরজাহান বেগম বলেন, ‘আমার বয়স হয়েছে। বাবা, মা, স্বামী মারা গেছেন। বলতে গেলে আমার সমসাময়িক যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগ মানুষ মারা গেছেন। এখন আছেন দু-একজন।’
নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। তাঁর বাবা ১৯১৮ সালে কলকাতা থেকে মাসিক সওগাত পত্রিকা বের করেন। নূরজাহান বেগম ও তাঁর মাকে কলকাতায় নিয়ে আসেন। মায়ের বোরকা খুলে জ্বালিয়ে দেন বাবা। নূরজাহান বেগম বিএ পর্যন্ত পড়াশোনা করেন। বাবার পরে নূরজাহান বেগমের পাশে দাঁড়ান তাঁর স্বামী কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান। তিনি দাদাভাই নামে পরিচিত। ১৯৫২ সালে দাদাভাইয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। নূরজাহান বেগম বলেন, ‘বেগম প্রকাশে আমার স্বামী সব সময় সহযোগিতা করেছেন।’ নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াৎ হোসেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি সুফিয়া কামালসহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের কাছাকাছি থেকে বড় হয়েছেন নূরজাহান বেগম।
নূরজাহান বেগম আক্ষেপ করে বলেন, ‘জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে বাবার সব পদক তুলে দেওয়ার পরও জাদুঘর কর্তৃপক্ষ বাবার নামে একটি কর্নার খোলেনি। বাবার সঙ্গীদের সবার নামে একটি করে সড়কের নামকরণ করা হয়েছে, শুধু বাবার নামে করা হয়নি।’
নূরজাহান বেগমের সংগ্রামের কাহিনি এখনকার মানুষ কতটা জানেন? প্রশ্নটা রেখেছিলাম তাঁরই কাছে। তিনি হেসে বললেন, ‘কেউ জানল কি না, তা আমার বিষয় নয়। আমি তো আমার কাজ পূর্ণ করে গেলাম।’