৯১-ই ধারা বাতিলের বিপক্ষে বিএনপিও
প্রার্থিতা বাতিলসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১-ই ধারা বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ওপরের নির্দেশে করা বলে দাবি করেছে দলটি।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ সময় বক্তব্য দেন।
গত রোববার এক বৈঠকে নির্বাচন কমিশন আরপিওর ৯১-ই ধারা বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। ওই ধারায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে।
কমিশনের এই উদ্যোগের সমালোচনা করে বিএনপির নেতা এম কে আনোয়ার বলেন, এই বিধান থাকা প্রয়োজন, না হলে অপরাধ অনেক বেড়ে যাবে, যা কমিশন সামাল দিতে পারবে না। তিনি বলেন, ‘এ আইন বাতিল করলে নির্বাচনকালে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে গেলেও কিছু বলা যাবে না। তখন নির্বাচন কমিশন বলবে, আপনারা আদালতে যান।’
কমিশনকে হুঁশিয়ার করে দিয়ে এম কে আনোয়ার বলেন, পানির নিচে তলিয়ে যাওয়া নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে উদ্ধারের ষড়যন্ত্র করলে নির্বাচন কমিশনের অস্তিত্ব বিপন্ন হবে। তিনি বলেন, রাজনীতিতে একটি বড় সংকট সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে, এসব অপকর্ম দিয়ে সেই সংকট ঢাকতে পারবে। তিনি কমিশনের উদ্দেশে বলেন, ‘আপনারা সোজা পথে ফিরে আসুন। জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন।’
এই পথ থেকে সরে না এলে ভবিষ্যতে নির্দলীয় সরকারের দাবির পাশাপাশি নির্দলীয় কমিশনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।