৯১-ই ধারা বিলোপের ব্যাপারে ব্যাখ্যা দেবেন সিইসি
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৯১(ই) ধারা বিলোপের পক্ষে কাল মঙ্গলবার ব্যাখ্যা দেবে নির্বাচন কমিশন। আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
দপ্তর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ বিষয়ে কাল মঙ্গলবার ব্যাখ্যা দেব।’
তার আগে নির্বাচন কমিশনার আবু হাফিজ সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী আচরণবিধি ভঙের কারণে দুজন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে সেখানে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। অর্থাত্, একজনের অপরাধের কারণে বৈধ প্রার্থীকেও শাস্তি পেতে হচ্ছে। সে জন্য আমরা ৯১(ই) বিলোপের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি। তারও আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, কমিশন গুরুতর আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থীদের প্রার্থিতা বাতিলের ক্ষমতা আদালতের ওপর ছেড়ে দিতে চায়। কারণ, বিদ্যমান আইনটি বৈষম্যমূলক। সে জন্য কমিশন বিধানটি বাতিলের পক্ষে। তিনি আরও বলেন, ৯১(ই) ধারাটি বাদ গেলেও কমিশনের দুর্বল হওয়ার সুযোগ নেই। কারণ, অন্য আইনে প্রার্থীদের শাস্তি পাওয়ার সুযোগ রয়েছে। এমনকি আচরণবিধি ভঙ্গের কারণেও প্রার্থীদের শাস্তির বিধান আছে।
নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক কিংবা অন্য কোনো চাপে কমিশন কিছু করছে না। কমিশন নিজেদের বিবেচনা অনুযায়ী কাজ করছে।