৯১-ই বাতিল হবে সলিলে প্রতিমা বিসর্জন: শামসুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ টি এম শামসুল হুদা
এ টি এম শামসুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘২০০৮ সালের অর্জন ছিল প্রার্থিতা বাতিলসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১-ই ধারা। এটার জন্য পাঁচবার নির্বাচনের তফসিল পরিবর্তন করতে হয়েছিল। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছিলেন না। তিনি ৯১-ই ধারা বাতিলসহ বেশ কয়েকটি শর্ত দেন। কিন্তু এর পরও আমরা আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম। আর এখন এটি বাদ দেওয়া হবে সলিলে প্রতিমা বিসর্জন দেওয়ার মতো।’

বর্তমান নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়ার কাছ থেকে যুদ্ধ করে আদায় করা অর্জন বাদ দেবেন?’ আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী আইনের সংস্কার: আমরা কোথায়?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক সাবেক প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান। প্র্রবন্ধ পাঠ করেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

আলোচনায় অংশ নেন আইনজীবী রফিক-উল হক, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

২০০৮ সালে ৯১-ই ধারাটি আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে নির্বাচনের চিরাচরিত দৃশ্যপট বদলে যায়। এই বিধির ফলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া কমেছে। সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার, তোরণ নির্মাণ, দেয়াললিখন, রঙিন পোস্টার ও বিলবোর্ড সাঁটানো বন্ধ হয়েছে। কমেছে নির্বাচনের দৃশ্যমান ব্যয়। নির্বাচনকাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাজেহাল, নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার, কালোটাকা ছড়ানো, যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবহার, চাঁদা-অনুদান গ্রহণ ইত্যাদি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে নির্বাচনী সংঘর্ষের মতো রক্তক্ষয়ী ঘটনাও কমে এসেছিল। কারণ, আরপিওর এই ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যেকোনো বেয়াড়া প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পারত।


এই ধারাটি বাতিল হলে নির্বাচন কমিশন আর কারও প্রার্থিতা বাতিল করতে পারবে না। ফলে আচরণবিধি মানানোর ক্ষেত্রে কমিশন কার্যত কর্তৃত্ব হারাবে। নির্বাচনে চিরাচরিত বিশৃঙ্খলা আবার ফিরে আসার আশঙ্কা দেখা দেবে।

কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীরা প্রার্থিতা বাতিলের নিজস্ব ক্ষমতাকে অর্থহীন বলেছেন।


গতকাল লিখিত বক্তব্যে সিইসি বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত আরপিওতে ৯১-ই ধারা ছিল না। ২০০৮ সালের নির্বাচনে এটি অন্তর্ভুক্ত করা হলেও এর প্রয়োগ ছিল না। বস্তুত আইনটি প্রয়োগযোগ্য নয়। এর মাধ্যমে কখনো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা যাবে না। আইনের অন্যান্য ধারায়  যেসব দণ্ডের কথা বলা আছে, তা আরোপের দায়িত্ব কমিশনের নয়, বিচারিক কর্মকর্তার। এ কারণে প্রায়োগিক দিক থেকে ৯১-ই ধারা অর্থহীন।