৯১ উপজেলায় উত্কণ্ঠায় ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বেগ-উত্কণ্ঠার মধ্য দিয়ে চতুর্থ ধাপে আজ রোববার ৯১টি উপজেলায় ভোট নেওয়া শুরু হয়েছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টানা চলবে। এ সময় ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোট দেবেন।
ছয় দফায় অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম দফায় অনেকটাই নির্বিঘ্নে ভোট হয়। দ্বিতীয় দফার নির্বাচন থেকে সহিংসতা ও কেন্দ্র দখলের ঘটনা বাড়তে থাকে। দ্বিতীয় পর্বে সারা দেশেই কমবেশি সহিংসতার ঘটনা ঘটে ও একজন মারা যান। তৃতীয় দফায় সহিংসতা ব্যাপকতা পায় এবং এর বলি হন তিনজন।
নির্বাচন-পূর্ব সহিংসতা, ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রতিপক্ষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, প্রশাসনিক হয়রানির কারণে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে উদ্বেগ-উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে।
আজকের ভোট গ্রহণকে ঘিরে সৃষ্ট আশঙ্কা থেকে নির্বাচন কমিশন গতকাল শনিবার সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির ১৩১ ধারা অনুসারে ক্ষমতা প্রয়োগের জন্য চিঠি দিয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে গুলির ব্যবহার হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেশির ভাগ ক্ষেত্রেই ভয়ভীতি ও হামলার শিকার সরকারি দল-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী পক্ষ। ক্ষেত্র বিশেষে রেহাই পাচ্ছেন না সরকারি দলের বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থকেরাও। সংখ্যালঘু জনগোষ্ঠীও বরাবরের মতোই অরক্ষিত। সব মিলিয়ে আজকের ভোট গ্রহণ উপলক্ষে ভোটকেন্দ্র, কেন্দ্রের আশপাশ এবং লোকালয়—তিন জায়গায় ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।