৯১ গ্রামকে নারীর প্রতি সহিংসতামুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৯১টি গ্রামে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৯ শতাংশ বিবাহিত নারীই পারিবারিক নির্যাতনের শিকার। এর মধ্যে ৩৭ শতাংশ নারী শারীরিক নির্যাতনের শিকার। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এ জরিপ চালিয়েছে। সংগঠনটি গ্রামগুলোকে নারীর প্রতি সহিংসতামুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করবে।
গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় জরিপের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাহাদাত হোসেন সিদ্দিকী।
মানুষের জন্য ফাউন্ডেশন ও ১৪টি সহযোগী সংগঠন জরিপ চালানো ৯১টি গ্রামে নারীর প্রতি সহিংসতা দূর করার জন্যও কাজ করছে। কোনো সংগঠন অন্ততপক্ষে পাঁচ বছর ধরে কাজ করছে, এমন গ্রামকেই ২০১২ সালের এ জরিপের আওতায় আনা হয়েছিল।
জরিপমতে, গ্রামগুলোতে ২১ দশমিক ৪ শতাংশ নারী অবমাননার শিকার। যৌতুক দিতে না পারার কারণে নির্যাতিত হয়েছেন ১৫ শতাংশের বেশি।
মতবিনিময় সভায় জানানো হয়, সিলেট ছাড়া ছয় বিভাগের এই ৯১টি গ্রামকে নারীর প্রতি সহিংসতামুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের আগে এলাকার নারী নির্যাতনের চিত্র জানার জন্যই এ জরিপ চালানো হয়েছে।
মতবিনিময় সভার প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, ৮৭ শতাংশ বিবাহিত নারীই জীবনের কোনো না কোনো সময় কোনো এক ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
সভার বিশেষ অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নির্যাতন করে এখন আর কেউ স্বস্তিতে থাকতে পারে না। ৪০ বছরের আন্দোলনের ফল এটি।
মতবিনিময় সভার সভাপতি এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম জরিপ নিয়ে যেসব সুপারিশ এসেছে পরবর্তী সময়ে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন।
সভায় আরও বক্তব্য দেন সাবেক সচিব রীতি ইব্রাহীম এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) বাংলাদেশের গবেষক রুচিরা তাবাস্সুম নভেদ।