৯১ বছরে বোস কেবিন আড্ডাপ্রিয়দের সম্মিলন
‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই/ কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই...’ জনপ্রিয় এই গান শুনে স্মৃতিকাতর হয় আড্ডাপ্রিয় যেকোনো মানুষের মন। আড্ডার সেই সুবর্ণ অতীতে ফিরে যেতে অনেকেরই মন আকুল হয়। ইচ্ছে করে আবারও তুমুল আড্ডায় মেতে উঠতে। নারায়ণগঞ্জের ‘কফি হাউস’ খ্যাত বোস কেবিনে গতকাল শনিবার জমে উঠেছিল এমনই এক আড্ডা। প্রতিষ্ঠার ৯১ বছর পূর্তি উপলক্ষে ‘আমরা আড্ডাবাজ’ আয়োজিত আড্ডাপ্রিয় বিভিন্ন বয়সী মানুষের এই সম্মিলনে স্মৃতিচারণার পাশাপাশি ছিল সমসাময়িক আলোচনা।বোস কেবিনের অবস্থান শহরের চেম্বার রোডে। শহরের ফলপট্টি এলাকায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২১ সালে। স্থানান্তরিত হয়ে চেম্বার রোডে আসে ১৯৮৮ সালে। বোস কেবিনে এখনো আড্ডা হয় প্রতিদিন। আড্ডাবাজ মানুষের প্রিয় এই রেস্তোরাঁ ৯১ বছর ধরে দাঁড়িয়ে আছে স্বাতন্ত্র্য নিয়ে। ধূমায়িত চায়ের কাপে ঝড় ওঠে প্রতিদিনই।সম্মিলন উৎসব উপলক্ষে বোস কেবিন থেকে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোস কেবিনের প্রাক্তন আড্ডাবাজ ও বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। ‘আমরা আড্ডাবাজ’-এর আহ্বায়ক কবি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল জাহিদুর রহমান, ইংরেজি ডেইলি নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক আকন্দ আনোয়ার মোর্শেদ, দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, বোস কেবিনের স্বত্বাধিকারী গৌরী বোস, সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান প্রমুখ।আড্ডার স্মৃতিচারণা করেন শিক্ষাবিদ বুলবুল চৌধুরী, কবি ও সাংবাদিক হালিম আজাদ, সংস্কৃতিকর্মী রফিউর রাব্বি, রাজনীতিক আনোয়ার হোসেন, রোকনউদ্দিন আহমদ, আওলাদ হোসেন, দুলাল সাহা, ক্যাপ্টেন (অব.) সেলিম আহমেদ, মোহাম্মদ ইসহাক, শাহেদ আলী প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এভাবেই দিনভর আড্ডা আর গানে মেতে ছিলেন বোস কেবিনের আড্ডাবাজেরা।নারায়ণগঞ্জে এসে ১৯৩১ সালের ৭ নভেম্বর পুলিশের হাতে আটক হয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। থানায় বসে তিনি ভুলু বাবুর বোস কেবিনের চা পান করেছিলেন। কড়া লিকারের এক কাপ চায়ে চুমুক দিতেই তৃপ্তিতে মন ভরে যায় তাঁর। দূর হয় যাবতীয় ক্লান্তি। সুভাষ বসু আশীর্বাদ করেন নৃপেন চন্দ্র বোস ওরফে ভুলু বাবুকে। এরপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হকের মতো নেতারা নারায়ণগঞ্জে এলে বোস কেবিনের বিখ্যাত চা, কাটলেট কিংবা বাটার টোস্ট না খেয়ে কখনো ফিরতেন না। দেশবরেণ্য বহু রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্রকার বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জে এসেছেন। তাঁদের প্রায় সবাই পা দিয়েছেন বোস কেবিনে। কাটিয়েছেন কিছুটা সময়।বোস কেবিনের যাত্রা শুরু হয় ভুলু বোসের হাত ধরে। পরবর্তীকালে দায়িত্ব নেন তাঁর তিন ছেলে রবি বোস, রথীন্দ্র বোস ও খোকন বোস। রবি বোসের মৃত্যুর পর দায়িত্ব নেন তাঁর ছেলে তারক বোস। ভুলু বোসের এই দৌহিত্রই বোস কেবিনের বর্তমান কর্ণধার।তারক বোস বলেন, তিন পুরুষের ঐতিহ্য ও চায়ের খ্যাতি ধরে রাখতে চান তিনি। সকাল সাতটা থেকে দুপুর ১২টা এবং বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বোস কেবিনে চা পরিবেশন করা হয়। প্রতিদিন বিক্রি হয় প্রায় দুই হাজার কাপ চা। তাঁদের চায়ের এই সুনামের পেছনে কোনো জাদুমন্ত্র নেই। ভালো চা-পাতা, দুধ আর পরিমিত চিনিই আসল উপাদান। তবে চা-পাতা ভিজিয়ে রেখে ও পানি ফোটানোর ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করা হয়। চা ছাড়াও বোস কেবিনে পাওয়া যায় কাটলেট, ডিম-আলুর চপ, পরোটা, ডিমের ওমলেট, পোলাও, মুরগির রেজালা, কারি ইত্যাদি।