৯১ লাখ টাকার সার নিয়ে ডুবে গেছে জাহাজ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গত বুধবার রাতে সরকারি ইউরিয়া সারবোঝাই ‘সি সম্রাট’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের মাস্টারসহ ১০ জন নাবিক ও ১২ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। জাহাজে প্রায় ৯১ লাখ টাকার ৩৮০ টন সার ছিল।সমুদ্র পরিবহন অধিদপ্তর বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে। আগামী রোববার থেকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নৌ-বাণিজ্য অধিদপ্তর চট্টগ্রামের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, জাহাজটির বহিঃসমুদ্রে যাওয়ার (বে-ক্রসিং) অনুমোদন ছিল না। বহির্নোঙরে ডুবন্ত কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে থাকতে পারে বলে আমাদের সন্দেহ।’এ নিয়ে গত ১৩ মাসে বহির্নোঙর ও চ্যানেল এলাকায় বন্দরের নিজস্ব দুটি জাহাজসহ সাতটি জাহাজডুবির ঘটনা ঘটল।চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম গত রাতে জানান, বহির্নোঙরের ‘আলফা’ আঙ্করেজের বাইরে জাহাজটি ডুবেছে বলে জরিপ দল শনাক্ত করেছে। এ কারণে জাহাজ চলাচলে আপাতত কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটি উদ্ধারের জন্য মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত প্রায় ২৫ হাজার টন ইউরিয়া সারবাহী ‘কনস্টানটিনোস জি’ নামের একটি বড় জাহাজ থেকে সার খালাস করছিল সি সম্রাট। বুধবার রাতে ৩৮০ টন ইউরিয়া সার বোঝাই করে কর্ণফুলী নদীর জেটিতে ফেরার সময় বহির্নোঙর অতিক্রমকালে কাত হয়ে সি সম্রাট ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের মালিক ফারিয়া শিপিং লাইনস। জাহাজের স্থানীয় প্রতিনিধি হামিদিয়া এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ঠিকাদারের মাধ্যমে সরকার এসব সার আমদানি করছিল। ডুবে যাওয়া ৩৮০ টন সারের দাম পড়েছে ৯১ লাখ ২০ হাজার টাকা।