সমাজের ৯১ শতাংশ নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে ইভ টিজিংয়ের শিকার হয়েছেন। ১০ থেকে ১৮ বছর বয়সের মেয়েদের শতকরা ৮৭ জন এ ধরনের নির্যাতনের শিকার। ইভ টিজিংয়ের শিকার হয়ে এ বছর আত্মহত্যা করেছেন ১৪ জন।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) ইভ টিজিং-বিষয়ক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘ইভ টিজিং: দি সোশ্যাল মেনাক-লেট নট দি অফেন্ডার্স গো আনপানিশড’ শীর্ষক এই গবেষণাপত্র প্রকাশ করা হয়। অনুষ্ঠানে একই সঙ্গে সমিতির ২০০৮ ও ২০০৯ সালের নারী নির্যাতনবিষয়ক আরেকটি প্রতিবেদনও প্রকাশ করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ইভ টিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হওয়া ইলোরার পরিবার ও আশপাশের মানুষ জানত একটি ছেলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করত। কিন্তু পরিবার বা সমাজের কেউ এ ছেলেকে ডেকে কথা বলেনি বা পুলিশকে জানায়নি। সেলিনা হোসেন বলেন, প্রত্যেককে নিজের নৈতিক দায়িত্ব পালন করতে হবে এবং অন্যকেও দায়িত্ব পালনে উত্সাহী করতে হবে।বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ইভ টিজিং যৌন হয়রানির প্রথম পর্যায়। তাই এ বিষয়কে হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, সম্প্রতি ইডেন কলেজের এক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদ করেন। হোস্টেল থেকে তাঁর সিট কেটে দেওয়া হয়।গবেষণায় বিভিন্ন বয়সী এক হাজার নারীর মতামত নেওয়া হয়। তাতে দেখা গেছে, ৭৮ শতাংশ নারী অশোভন বা অশালীন উক্তি বা বক্তব্যকে ইভ টিজিং বলে মনে করেন। শতকরা ৬০ জন জানিয়েছেন, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে তাঁরা উত্ত্যক্ততার শিকার হয়েছেন। অন্যদিকে পুরুষতান্ত্রিক মনমানসিকতা এবং সমাজে ও পরিবারে নারীদের প্রতি সম্মানের অভাবই ইভ টিজিংয়ের মূল কারণ বলে মনে করেছেন শতকরা ৫৫ দশমিক চারজন।অনুষ্ঠানে এ গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন বিএনডব্লিউএলএর গবেষক নাজমুন জামান। নারী নির্যাতনবিষয়ক প্রতিবেদনটি উপস্থাপন করেন আয়োজক সংস্থার আইনজীবী সোমা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম বলেন, সন্তানকে বড় করতে পরিবারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।