কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দুপুরে ‘ত্রৈমাসিক বিচার বিভাগীয় ও পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন’ হয়েছে। সভায় ফৌজদারি ও দেওয়ানি আদালতে বিচারাধীন ৯১ হাজারের বেশি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন, গত ৩০ জুলাই পর্যন্ত তাঁর আদালতে বিচারাধীন মামলা রয়েছে ২৬ হাজার ৯১৬টি। যথাসময়ে সাক্ষী হাজির হলে আরও কয়েক শ মামলা নিষ্পত্তি সম্ভব হতো। সাক্ষী হাজির হওয়ায় গত সাত মাসে এই আদালতে ১১ জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রায় চার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে।
জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, তাঁর আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৬৪ হাজার ৫১৪। সব মিলিয়ে ৯১ হাজার ৪৩০টি মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা আদালতে মামলার সংখ্যা দুই থেকে তিন হাজার। অথচ কক্সবাজারে একজন বিচারকের হাতেই পাঁচ-ছয় হাজার মামলা। মানব পাচার আর ইয়াবা নিয়ে বেশি মামলা হচ্ছে।
সভায় মামলা নিষ্পত্তির ব্যাপারে নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এন আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সুলতান আহমদ, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সিভিল সার্জন কমর উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খান, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, আদালতের পিপি মমতাজ আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি নুরুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলাম প্রমুখ।
মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, চিকিৎসকেরা সাক্ষ্য দিচ্ছেন না বলে তাঁর আদালতে ৬০০ হত্যা মামলা পড়ে আছে। এতে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। লেখা এতই খারাপ যে ডাক্তারি সার্টিফিকেট পড়া যায় না। এ কারণে বিচার বিঘ্নিত হচ্ছে। সার্টিফিকেট যেন সুন্দর হাতে লেখা হয়, এ ব্যাপারে নজরদারির জন্য তিনি সিভিল সার্জনের সহযোগিতা চান।
কর্নেল আনিসুর রহমান বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালত এক বছরের সাজা দিলে তিন মাসের মধ্যে বেরিয়ে আসে এবং আবার মাদক চোরাচালানে জড়িয়ে পড়ে। ফলে ইয়াবা পাচার বন্ধ হয় না। অন্যদিকে বিচারের দীর্ঘসূত্রতায় মানুষের মধ্যে হতাশা নেমে আসে। অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে।