৯১০ জন বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে ৯১০ জন বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এঁদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার সরকারি দলের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। তিনি জানান, বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক ১ লাখ ১১ হাজার ৫৭৫ জন। ৯১০ জন বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা এসব বিদেশির তালিকা পুলিশের বিশেষ শাখায় সংরক্ষিত আছে। এঁদের শনাক্ত করতে বিশেষ শাখাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকরিরত বিদেশির সন্ধান পেলেও তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বেলা দেড়টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। ভারতীয় নাগরিকেরা এ দেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/কারখানা, উন্নয়ন প্রকল্প ও বিদ্যুৎ খাতে কর্মরত আছেন। এ ছাড়া কিছু ভারতীয় নাগরিক চিকিৎসাসেবায় নিয়োজিত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন।
সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান জানান, ইয়াবা পাচারকারীসহ অন্যান্য মাদক অপরাধীরা গ্রেপ্তার এড়াতে প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। আইনশৃঙ্খলা বাহিনী একটি কৌশল ধরে ফেলার পর তারা নতুন কৌশল ব্যবহার করছে। মাদক ব্যবসায়ীরা বিশ্বের সর্বত্র প্রভাবশালী। তারা বিপুল অর্থ-বিত্তের মালিক, অবৈধ অস্ত্রধারী, অবৈধ অস্ত্রের পৃষ্ঠপোষক ও আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রক হয়ে থাকে। এদের মোকাবিলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক প্রযুক্তিতে আপডেট রাখার কোনো বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে।