৯২ শতাংশ পণ্যের মোড়কে সব শর্তের প্রতিপালন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেট-বিড়িসহ তামাকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শতভাগ আইন না মেনে কৌশলে সচিত্র সতর্কবাণী মোড়কে প্রচার করছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯২ শতাংশ তামাকপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানই সচিত্র সতর্কবাণী ছাপানোর বিষয়ে সব শর্তের প্রতিপালন করছে না। ‘তামাকপণ্যে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নবিষয়ক কমপ্লায়েন্স সার্ভে’ শিরোনামে একটি জরিপের ফলাফলে এ রকম চিত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

ছয়টি তামাকবিরোধী সংগঠন এ জরিপ চালায় এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে। এগুলো হলো প্রজ্ঞা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা এবং সীমান্তিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা অনুযায়ী গত বছরের ১৯ মার্চ থেকে মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া তামাকপণ্য বিক্রি বা বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু ওই বিধি বাস্তবায়নের আট মাস পরও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। জরিপে দেখা গেছে, কম দামি সিগারেট, বিড়ি, জর্দা ও গুল যেগুলো মূলত স্বল্পশিক্ষিত ও নিম্নআয়ের মানুষ বেশি ব্যবহার করে, সেগুলোর ক্ষেত্রে আইন প্রতিপালনের হার আরও বেশি হতাশাজনক। সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করেন প্রজ্ঞার সমন্বয়ক হাসান শাহরিয়ার।

জরিপে ৮টি বিভাগীয় শহরের ১২০টি দোকানে তিন ধরনের তামাক বিক্রেতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। তাতে দেখা গেছে, বিড়িতে ১০০ শতাংশ, জর্দায় ৯৬ দশমিক ৪ শতাংশ, গুলে ৭৫ দশমিক ৮৬ শতাংশ এবং সিগারেটে ২০ দশমিক ৮৮ শতাংশ ক্ষেত্রে শতভাগ আইন মেনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন করা হয়নি। জরিপের তথ্য সংগ্রহে নেওয়া ৪৪টি ব্র্যান্ডের সিগারেটের মধ্যে ৩৫টি এবং ১৭টি ব্র্যান্ডের বিড়ির মধ্যে ১২টির প্যাকেট পূর্ববর্তী পর্বের ছবিসহ বাজারে পাওয়া গেছে।