৯২-৯৬ সালে তিতাস গ্যাসে ৩৭৩ কোটি টাকার দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের হিসাবে ১৯৯২-৯৩ থেকে ১৯৯৬-৯৭ অর্থবছরের মধ্যবর্তী পাঁচ বছরে ৩৭২ কোটি ৬৭ লাখ টাকার দুর্নীতির সন্ধান পেয়েছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তিন মাসের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।একই সঙ্গে তিতাস গ্যাসের শেয়ারের লেনদেনে আইন লঙ্ঘিত হয়েছে কি না এবং কোম্পানির গাড়ি ব্যবহারকারী কর্মচারীদের আয়ের উত্স খতিয়ে দেখতে বলেছে সংসদীয় কমিটি। গতকাল সোমবার দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। তিতাস গ্যাসে ওই বিপুল পরিমাণ টাকার দুর্নীতি হয়েছে বলে এর আগে মহাহিসাব নিরীক্ষকের দপ্তরের উপস্থাপিত একটি প্রতিবেদনে বলা হয়।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বলেন, ১৯৯২ সাল থেকে ’৯৬ সাল পর্যন্ত ৩৭২ কোটি ৬৭ লাখ টাকার সিস্টেম লস দেখিয়েছে তিতাস গ্যাস, যা কোনো মতেই সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে-পরে কখনো এত বিপুল পরিমাণ সিস্টেম লস দেখা যায়নি। এগুলো নিরীক্ষায় ধরা পড়লেও দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তিনি বলেন, তিতাসের এই সিস্টেম লস-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তিন মাসের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া, তিতাস কোম্পানির শেয়ার ব্যবসা আইনের পরিপন্থী কি না, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।কমিটির সভাপতি বলেন, মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নাইকো ইতিমধ্যেই তাদের আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছে। অথচ বাংলাদেশের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা দিচ্ছে না। নাইকোর কাছ থেকে এ টাকা আদায়ের জন্য আন্তর্জাতিক তত্পরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।সভায় অধ্যাপক আলী আশরাফ, এম কে আনোয়ার, ইমাজ উদ্দিন প্রামাণিক, ছায়েদুল হক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান ও নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মেজবাহ উদ্দিন ও উপ-মহাহিসাব নিরীক্ষক মণীন্দ্র চন্দ্র দত্ত সভায় অংশ নেন।