৯২০টি টিভি ও ২০ হাজার মুঠোফোন সেট আটক
পোশাকশিল্পের সামগ্রী বলে ঘোষণা দিয়ে আমদানি করা পণ্যের দুটি কনটেইনার খুলে পাওয়া গেছে ৯২০টি এলসিডি টেলিভিশন ও ২০ হাজারের বেশি মুঠোফোন সেট। এগুলোর আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের আট নম্বর শেডের পাশে থাকা কনটেইনার দুটি খুলে মিথ্যা ঘোষণায় আনা এসব পণ্য আটক করেন বন্দর ও শুল্ক কর্মকর্তারা। কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দুই কনটেইনারে ৯০২টি ৩২ ইঞ্চি এবং ১৮টি ২৪ ইঞ্চি টিভি পাওয়া যায়। এলসিডি টিভিতে দুই কোটি ১৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মুঠোফোন সেট রয়েছে, যেগুলোর গণনা চলছে। মুঠোফোন সেটের সংখ্যা ২০ হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, স্ক্যানিং ছাড়াই খালাসের সময় গত বুধবার রাতে বন্দরের চার নম্বর ফটকে আটক হয় দুটি কনটেইনার। এই পণ্য চালানে ১৯ হাজার ২০০ ডলার মূল্যের ৭৯০ কার্টন ‘এডহেসিভ পেপার লেবেল’ নামে পোশাকশিল্পের সামগ্রী আমদানির ঘোষণা দেয় আমদানিকারক প্রতিষ্ঠান। গত রোববার এই চালানের বিল অব এন্ট্রি (নম্বর সি-৩৬৭৭৪) জমা দেওয়া হয়। বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুল্ক বিভাগের সব প্রক্রিয়া শেষে চার নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় বুধবার রাতে দায়িত্বরত সার্জেন্ট এই কনটেইনার দুটি প্রথম আটক করে রাখেন। পরে শুল্ক কর্মকর্তারা এসে কাগজপত্র যাচাই করে খালাস স্থগিত করেন।’ যে প্রতিষ্ঠানের নামে এসব পণ্য এসেছে সেই আমদানিকারক প্রতিষ্ঠান এইচইউ এক্সেসরিজ লিমিটেড দাবি করেছে এসব পণ্য আমদানির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই। ওই প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘পণ্য আমদানির ঋণপত্র, বেপজার আমদানির অনুমতিপত্র ও বন্ড নম্বর—এই তিনটি মূল্যবান নথির সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই।’ পণ্য খালাসের সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্টকে জিজ্ঞেস করলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি মতামত দেন। জানতে চাইলে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান জেআরটি সিঅ্যান্ডএফ বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কীভাবে যে কী হয়ে গেল বুঝতে পারছি না। এই চালান খালাসের সঙ্গে আমরা জড়িত নই।’