৯৩ প্রার্থীর ৫৩ জনই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত ৯৩ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ৫৩ জন ব্যবসায়ী। এদের মধ্যে উত্তর সিটিতে ২২ এবং দক্ষিণ সিটিতে ৩১ জন। আর ৬৩ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামায় দেখা গেছে, উত্তর সিটিতে ব্যবসায়ীদের মধ্যে পাঁচজন এবং দক্ষিণ সিটিতে তিনজন ঠিকাদার রয়েছেন। বাকিরা শিক্ষকতা, আইন, গৃহকাজ ও বাড়ি ভাড়াকে পেশা হিসেবে উল্লেখ করেছেন।
৯৩ জন প্রার্থীর মধ্যে ৬৩ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। ৩০ জনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। কেউ কেউ নিজেদের স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলে দাবি করেছেন।
হলফনামায় দেখা যায়, দক্ষিণ সিটিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী ৫৭ জন। তাঁদের ১১ জনের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। ২২ জনের শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত। বাকিদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে এইচএসসির মধ্যে।
উত্তর সিটিতে ৩৬ জন প্রার্থীর মধ্যে ১২ জনের স্নাতকোত্তর ডিগ্রি আছে। আটজনের শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত। বাকিদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, এসএসসি বা সমমানের।
হলফনামা যাচাই করে আরও জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রার্থীদের অনেকের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছিল না। তাঁরা অতীতে কখনো আয়কর দেননি। আইনি বাধ্যবাধকতার কারণে এসব প্রার্থী ২১ থেকে ২৮ মার্চের মধ্যে টিআইএন নম্বর সংগ্রহ করেন।