৯৩ বছর বয়সে!
বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন মিরাশী বেগম। চলারও তেমন শক্তি নেই। চোখে ঝাপসা দেখেন। টুকটাক হাঁটাচলা করলেও অন্যের সাহায্য নিতে হয়। অভাব-অনটন ও দারিদ্র্য তাঁর নিত্যসঙ্গী। ছেলেরা মায়ের ভরণপোষণের দিকে খেয়াল করলেও বৃদ্ধা মিরাশীর দৈন্যদশা যেন কাটে না। তাই এ বয়সেও একটু স্বাচ্ছন্দ্যের জন্য বয়স্ক ভাতা কার্ডের খোঁজ করেছেন বহুবার। তবে ভাগ্যে জোটেনি।অবশেষে ৯৩ বছর বয়সে মিরাশী বেগমের ভাগ্যে জুটল বয়স্ক ভাতার কার্ড। গতকাল মঙ্গলবার তাঁর নামে বয়স্ক ভাতার কার্ড অনুমোদন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন।সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহাম্মদ সাইদুল ইসলামের নির্দেশে ওই বৃদ্ধার বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়।’মিরাশী বেগম জানান, বয়স্ক ভাতার জন্য তিনি একাধিকবার গ্রামের ইউপি সদস্যের কাছে ছুটে গেছেন। তবে কেউ তাঁর দুঃখের কথা শোনেননি। ইউপি সদস্য বরাবরই বলেছেন, ‘আপনি ব্যাংকে গিয়ে ভাতা আনতে পারবেন না। তাই কার্ড দেওয়া যাবে না।’সরাইলের কালীকচ্ছ ইউপির চেয়ারম্যান মো. তকদির হোসেন জানান, মিরাশীর বিষয়টি তাঁর জানা ছিল না।মিরাশী বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গলানিয়া গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুসারে তাঁর জন্ম ১৯১৭ সালের ৩১ ডিসেম্বর।