৬ জুলাই প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘৯৪ কারখানা ভবনে ত্রুটি’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. মুজিবুর রহমান। তিনি বলেছেন, ওই শিরোনামের সঙ্গে বিস্তারিত খবরের সামঞ্জস্যতা নেই। ৬ জুলাই পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে ১০২টি কারখানা ভবনের পরিদর্শন প্রতিবেদন তৈরি করেছে। এতে দুটি ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। আরও চারটি ভবনকে প্রাথমিক বিশ্লেষণে ঝুঁকিপূর্ণ বিবেচনায় জরুরিভাবে বিস্তারিত কারিগরি বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকির মাত্রা নির্ণয়পূর্বক কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন এবং কাঠামো শক্তিশালীকরণের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ৮৮টি ভবনে প্রাথমিক বিশ্লেষণে বিভিন্ন ধরনের ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলেও তা ভবন কাঠামোর জন্য তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়নি। এসব ভবনের বিস্তারিত কারিগরি বিশ্লেষণের জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, একটি ভবনে বিভিন্ন ধরনের ত্রুটি-বিচ্যুতি থাকাটা অস্বাভাবিক নয়, তবে সেগুলো ভবনের কাঠামোর জন্য ঝুঁকির কারণ কি না, তা গুরুত্বপূর্ণ। উল্লিখিত তথ্যের ভিত্তিতে প্রকাশিত শিরোনামটি জাতীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট মহলে বাংলাদেশের পোশাকশিল্প কারখানা সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।