চলতি বছর প্রায় ৯৪ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১৩২ জন হজযাত্রী রয়েছেন। তাঁদের প্রতি এক হাজার জনের জন্য একজন করে মোট ৯৪ সদস্যের চিকিৎসা দল গঠন করা হয়েছে। হাজিদের সহায়তা দিতে ৩৫ সদস্যের একটি প্রশাসনিক দল নিয়োজিত থাকবে।জাতীয় সংসদে গতকাল সোমবার সরকারি দলের ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এসব কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে হজ আয়োজন পরিচালনার জন্য গতবারের মতো এবারও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই হজযাত্রীদের মক্কা ও মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। এবার হজযাত্রীদের অন্য যেকোনো বছরের তুলনায় অধিক সুবিধাসম্পন্ন বাড়ি অথবা হোটেলে রাখা হবে। তিনি বলেন, পুরো হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি (আইটি) সুবিধা দেওয়া হবে। এবারই প্রথম এসএমএসের মাধ্যমে হাজিদের জরুরি তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। প্রতি ৬০ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড থাকবেন।নৌপরিবহনমন্ত্রীর দাবি: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরে মূলত কোনো জাহাজ-জট নেই। গতকাল প্রশ্নোত্তর পর্বে তিনি এ দাবি করেন। কিন্তু গত রোববার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বন্দরে জাহাজ-জট নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।চট্টগ্রামের সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা কাটিয়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসায় আমদানি-রপ্তানির পরিমাণ ব্যাপক বেড়েছে। এসব আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের জন্য জাহাজের সংখ্যা বেড়েছে। তাই আপাতদৃষ্টিতে জট মনে হলেও মূলত এখানে কোনো জাহাজের জট নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানসম্পন্ন কনটেইনার হ্যান্ডলিং ও পরিবেশ ব্যবস্থাপনা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চিটাগাং পোর্ট ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ১৩০ কোটি টাকা। এর মধ্যে ১০১ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া গেছে।তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী মার্চ-এপ্রিল নাগাদ নতুন তিনটি ড্রেজার পাবে বিআইডব্লিউটিএ। তিনি বলেন, নদীর তীরভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদ-নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।