৯৫-এ এসএসসি, ৯৯ সালে অষ্টম শ্রেণী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদের সুপারিশে জাল সনদধারী এক ব্যক্তিকে দপ্তরি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১২ মার্চ গোলাম সরোয়ার নামের ওই ব্যক্তি নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পান।
সরোয়ার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিলেও ১৯৯৯ সালের অষ্টম শ্রেণী পাসের সনদ দিয়ে দপ্তরি হয়েছেন বলে জানা গেছে। সরোয়ার চাকরির আবেদনের সঙ্গে ১৯৯৯ সালে অষ্টম শ্রেণী পাসের সনদ জমা দিয়েছেন। স্থানীয় পাইকপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি বেগম তাঁকে ওই সনদপত্র সরবরাহ করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, সরোয়ার একই বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এতে তাঁর শিক্ষাবর্ষ ১৯৯৩-৯৪ ও জন্ম তারিখ ১৪ জুলাই ১৯৭৯ বলে উল্লেখ রয়েছে। তবে তিনি চাকরির আবেদনে জন্ম তারিখ ৩ জুলাই ১৯৮৫ উল্লেখ করেছেন।
পাইকপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি বেগম বলেন, ‘সরোয়ারকে সনদপত্র দিয়েছি কি না, তা মনে নেই। খাতাপত্র দেখে বলতে হবে।’
রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুর রহমান সনদ জালিয়াতির কথা স্বীকার করে বলেন, ‘আমরা ভাবতেও পারিনি গোলাম সরোয়ার এত বড় মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেবে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদের সুপারিশে তাঁকে চাকরি দেওয়া হয়েছে।’
লালপুর-বাগাতিপাড়ার সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘জাল কাগজপত্র দিলে তা পরীক্ষা করার দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষের।’
গোলাম সরোয়ারের কাছে জন্ম তারিখ ও অষ্টম শ্রেণী পাসের সাল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এসব মনে নাই। তবে এসএসসি পরীক্ষা দিয়েছি ১৯৯৫ সালে।’