৯৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শঙ্কায় প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে সাতটিতে কাল রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ আসনগুলোর ৯৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই স্বতন্ত্র ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা শঙ্কিত।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার সাতটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চারজন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ছয়জন, স্বতন্ত্র প্রার্থী নয়জন ও ন্যাপের একজন প্রার্থী রয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয় কুমিল্লা জেলার সাতটি আসনের ৭৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টিকে অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) মনে করছে। ওই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সময় হামলা হতে পারে বলে কমিশনের কাছে প্রতিবেদন রয়েছে। এ অবস্থায় ওই কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুমিল্লা-১ আসনে ২২টি, কুমিল্লা-৩ আসনে ১০টি, কুমিল্লা-৪ আসনে আটটি, কুমিল্লা-৫ আসনে ১৬টি, কুমিল্লা-৬ আসনে ১৬টি, কুমিল্লা-৮ আসনে ছয়টি এবং কুমিল্লা-৯ আসনে ১৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।
স্বতন্ত্র ও জাপার প্রার্থীদের অভিযোগ, নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সাংসদ ও তাঁদের অনুসারীরা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোটকেন্দ্রে ঢুকে সিল মারতে পারেন। এ অবস্থায় কেবল ৯৫টি কেন্দ্র নয়, জেলার অর্ধেকের বেশি ভোটকেন্দ্রে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান বলেন, ‘সদর আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু নির্বাচন হলে আনারস প্রতীক জয়ী হবে। ভোটাররা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাকে রায় দেবেন।’
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।