নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল চিনিকলের গুদামে প্রায় ৯৫ কোটি টাকার চিনির মজুত রয়েছে। এদিকে আগামী ১৫ নভেম্বর ২০১৩-১৪ মৌসুমের আখমাড়াই শুরু হতে যাচ্ছে। বাড়তি চিনি রাখার জায়গা না থাকায় চিনিকলে নতুন করে গুদাম তৈরি করতে হচ্ছে।
চিনিকল সূত্রে জানা গেছে, চিনি বিক্রি না হওয়ায় চিনিকলটি চরম অর্থ-সংকটে রয়েছে। চলতি মৌসুমে চিনি উৎপাদনে যেতে প্রায় সোয়া দুই কোটি টাকা প্রয়োজন। এ টাকা সংগ্রহ করা গেলেও চিনি বিক্রি না হলে আখ কেনার মূল্য বাবদ চাষিদের প্রতিদিন ৪০ লাখ টাকা দেওয়া নিয়ে সমস্যা দেখা দেবে। বর্তমানে ২০১২-১৩ ও তার আগের প্রায় ১৯ হাজার মেট্রিক টন চিনি গুদামে রয়েছে। যার দাম ৯৫ কোটি টাকা। বরাদ্দ করা চিনি ডিলাররা উত্তোলন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবর রহমান জানান, বাজারে বেসরকারি প্রতিষ্ঠানের চিনির দাম কম হওয়ায় চিনিকলের চিনি বিক্রি হচ্ছে না।