৯৫ বছরের পুরোনো ভবনে থানা-পুলিশের কাজ

বাগেরহাট জেলায় ৯৫ বছরের জরাজীর্ণ এক ভবনে ঝুঁকি নিয়ে চলছে রামপাল থানা-পুলিশের কার্যক্রম। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও ভবন সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রামপাল থানা সূত্রে জানা যায়, চণ্ডিচরণ ঘোষ নামে ধনাঢ্য এক ব্যক্তির দান করা পাঁচ বিঘা পাঁচ কাঠা জমির ওপর ১৯১৯ সালে চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। এরপর এখানে রামপাল থানা-পুলিশের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে মাঝেমধ্যে ছোটখাটো সংস্কার করা হলেও মূল ভবন সেই একই অবস্থায় রয়ে গেছে। ১৯৯০ সালে ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য আলাদা একটি কক্ষ ও একটি শৌচাগার নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, থানার চারপাশের সীমানাপ্রাচীরের পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকে কোনো প্রাচীর নেই। দক্ষিণ-পূর্ব দিকে রামপাল নদী আর পশ্চিম দিকে রামপাল মূল সড়ক। মূল ভবনে এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের ভেতর দিয়ে সরু একটি পথে থানায় প্রবেশ করতে হয়। ভবনের চারটি কক্ষেরই বেহাল দশা। দেয়ালে বড় বড় ফাটল। সেখানে শেওলা জমে আছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছোট একটি কক্ষে আটজন উপপরিদর্শক বসেন। গাদাগাদি করে তিনটি টেবিল বসানো। পুরো ভবনে দুটি শৌচাগারথাকলেও একটিতে কোনো দরজা নেই, আরেকটিতে পানির সংযোগ নেই। থানার ছোট একটি কয়েদখানার ভেতর শৌচাগার থাকলেও পানির কোনো সংযোগ নেই।
রামপাল থানার কনস্টেবল আলমগীর হোসেন, মিন্টু মণ্ডল, মাহবুবুর রহমান ও সাবিনা ইয়াসমিন বলেন, দুটি ব্যারাকের ছাদের পলেস্তারা খসে পড়ছে। মাস খানেক আগে রাতের বেলা ছাদের একটি বড় অংশ খসে পড়ে। এ ছাড়া বর্ষা মৌসুমে ছাদ ও দেয়াল থেকে পানি চুইয়ে পড়ে। জানালাগুলো আটকানো যায় না।
রামপাল থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। চারপাশের সীমানাপ্রাচীর না থাকায় থানার অস্ত্রসহ অন্যান্য মালামাল নিয়ে আমরা খুব টেনশনে থাকি।’
রামপাল থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মূল্যবান কাগজপত্রও নষ্ট হয়ে যাচ্ছে। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোনো কাজ হয়নি।