৯৫ শতক জমি, পৌরসভা ও একটি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯৫ শতক জমি নিয়ে পৌরসভা ও হাজীগঞ্জ মডেল কলেজ কর্তৃপক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। পৌরসভার মেয়র আ. মান্নান খান সম্পত্তি উদ্ধারে আদালতের আশ্রয় নিয়েছেন। অপর দিকে হাজীগঞ্জ মডেল কলেজ কর্তৃপক্ষ ‘মডেল কলেজ রক্ষা কমিটি’র ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে।হাজীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ২৬ বছর ধরে কলেজের অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধারের জন্য মেয়র আবদুল মান্নান খান গত ২৮ সেপ্টেম্বর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ৭ অক্টোবর পৌরসভার পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ মেয়রের ওই মামলাকে কলেজ উচ্ছেদের ষড়যন্ত্র বলে জনমত সৃষ্টির জন্য হাজীগঞ্জ বাজারসহ আশপাশ এলাকায় প্রচারপত্র বিতরণ করছে। কলেজ রক্ষায় ১০ নভেম্বর কলেজের অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটওয়ারীকে প্রধান সমন্বয়ক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কলেজের পক্ষ থেকে ১৩ নভেম্বর নিঃশর্তভাবে মামলা প্রত্যাহারসহ কলেজের জন্য ক্ষতিকর কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে পৌর মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়। কলেজ রক্ষা কমিটি ইতিমধ্যে হাজীগঞ্জে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে। কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসাম-চাঁদপুর রেলপথের দক্ষিণ পাশে ও পৌরসভার সম্পত্তির পূর্ব পাশে ১৯৮৬ সালে হাজীগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। পর্যাপ্ত ছাত্রী না পাওয়ায় পরে এটির নামকরণ করা হয় মডেল কলেজ। কলেজ কর্তৃপক্ষ ধাপে ধাপে পৌরসভার সম্পত্তি দখলে নেয়। বর্তমানে কলেজে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছে।এদিকে পৌর মেয়রের সংবাদ সম্মেলনের পর ওই সম্পত্তির মালিকানা দাবি করে মরহুম আমিন মিয়ার ওয়ারিশেরা একটি সংবাদ সম্মেলন করেন। পৌর মেয়র আবদুল মান্নান খান বলেন, ‘পৌরসভার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে কয়েকবার লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা বারবার বিষয়টি এড়িয়ে গেছে। এখন আদালতেই বিষয়টি সমাধান হবে।’কলেজের অধ্যক্ষ মো. আলমীর কবির পাটওয়ারী বলেন, পৌরসভার সম্পত্তির ওপর কলেজের মূল একাডেমিক ভবনসহ তিনটি ভবন নির্মিত হয়েছে। পৌরসভা তাদের জায়গা দখলের জন্য মামলা করেছে। এখন পৌরসভা জায়গার মালিকানা না ছাড়লে কলেজ উচ্ছেদ হয়ে যাবে। কলেজের অস্তিত্ব রক্ষায় আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।