৯৫ শতাংশ চালকলমালিক চুক্তি করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি কেজি মোটা চাল বাজারে বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। অথচ সরকারের নির্ধারিত দাম ৩৪ টাকা। মাগুরার প্রায় ৯৫ শতাংশ চালকলমালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের চুক্তি করেননি। এতে চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে বসেছে।

জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে মাগুরায় সরকারিভাবে ৩ হাজার ৮৪৩ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে ২ হাজার ৩২৭ মেট্রিক টন, শ্রীপুরে ২৬৩ মেট্রিক টন, শালিখায় ৯৭৬ মেট্রিক টন ও মহম্মদপুরে ২৭৭ মেট্রিক টন। গত ২ মে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। এরই মধ্যে এক মাস পেরিয়ে গেলেও এক কেজি চালও দেননি চুক্তিবদ্ধ চালকলমালিকেরা।

মাগুরায় খাদ্য বিভাগের নিবন্ধিত চালকল রয়েছে মোট ১৮৭টি। প্রতি মৌসুমেই তারা চুক্তিবদ্ধ হয়ে সরকারি খাদ্যগুদামে চাল দেয়। কিন্তু চলতি বোরো মৌসুমে মাত্র আটটি চালকলের মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁরা মাত্র ১৩৩ মেট্রিক টন চাল দেবেন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার সোয়া ৩ শতাংশের মতো। শালিখা ও শ্রীপুর উপজেলার কোনো চালকল মালিকই চুক্তিবদ্ধ হননি। অথচ দুই দফা বাড়িয়ে চুক্তিবদ্ধ হওয়ার মেয়াদ গত ৩১ মে শেষ হয়ে গেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘খোলাবাজার থেকে সরকার–নির্ধারিত দামের পার্থক্য কেজিপ্রতি ৪ থেকে ৬ টাকা। যে কারণে চালকলমালিকেরা চাল ‍দিতে চুক্তিবদ্ধ হননি। তবে আমরা তাঁদের ওপর চাপ সৃষ্টি করছি। যাঁরা চাল দিতে চুক্তিবদ্ধ হননি, আইনানুযায়ী তাঁদের মিল বন্ধ ও নিবন্ধন বাতিল করা হবে।’

উদ্ভূত পরিস্থিতিতে চলতি বোরো মৌসুমে জেলায় সরকারের চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লক্ষ্যমাত্রার ৫ শতাংশ চালও সংগ্রহ করা সম্ভব হবে না। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায়ই জানা নেই তাঁদের।

মাগুরা জেলা চালকলমালিক সমিতির সভাপতি মো. সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকার যে দাম ধরেছে, তার চেয়ে খোলাবাজারে মোটা চালের দাম কমপক্ষে ৪-৬ টাকা বেশি। এ ছাড়া বাজারে ধানের দামও অনেক বেশি। এ কারণে আমরা চুক্তিবদ্ধ হইনি। এত লোকসান গোনা অমাদের পক্ষে সম্ভব না। দু-একজন চালকলমালিক চুক্তি করে বিপদে পড়েছেন।’

চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন মহম্মদপুরের রোহান রাইস মিলের মালিক বাকির বিশ্বাস। তিনি ৩৩ মেট্রিক টন চাল দিতে চেয়েছেন। বাকির বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বাজারের যা অবস্থা তাতে অনেক টাকার ক্ষতিতে পড়ব। তারপরও দিতে হবে। কারণ সরকারের সঙ্গে ব্যবসা করে আমরা লাভও তো করি। এবার না হয় ক্ষতি হবে।’

চালকলমালিকেরা বলছেন, ক্ষতির পরিমাণটা কেজিতে এক–দেড় টাকা হলেও হতো। কিন্তু সেটা অনেক বেশি। সরকার দাম দিচ্ছে ৩৪ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। তাই চুক্তি করেননি। এখন সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিলে নেবে।

লাভের সময় চাল দেবেন, লোকসানের সময় দেবেন না কেন—এমন প্রশ্নের জবাবে শালিখার এসবি অ্যাগ্রো অটো রাইস মিলের মালিক শহীদুজ্জামান বিশ্বাস বলেন, ‘সরকারি রেটের থেকে বাজারে চালের দাম অনেক বেশি। তাই আমি চুক্তি করিনি। কিন্তু সরকার যদি বলে দিতেই হবে। করার কিছুই নেই, ব্যবসা যেহেতু করি। তবে ছোট মিলমালিকেরা পুঁজি হারানোর ভয়ে সরকারি গুদামে চাল দিতে রাজি নন।’