৯৫ শতাংশ মামলাই মিথ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা বেশির ভাগ মামলাই আদালতে সঠিক প্রমাণিত হচ্ছে না। অভিযোগ রয়েছে, এসব মামলার ৯৫ শতাংশই মিথ্যা। বেশির ভাগ ক্ষেত্রে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এসব মামলা দায়ের করা হচ্ছে বলে আইনজীবীরা জানিয়েছেন। এসব মামলা দায়েরের ক্ষেত্রে কিছু পেশাদার নারীকে ভাড়া পাওয়া যায় বলে জানা গেছে। গত বছর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ২৩৩টি মামলার মধ্যে ছয়টির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গেছে।নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করে। অভিযোগে সে উল্লেখ করে, একটি কোচিং সেন্টারের পরিচালক আলাদাভাবে প্রাইভেট পড়ানোর কথা বলে তাকে বাড়িতে ডাকেন। একপর্যায়ে ওই শিক্ষক তাকে ধর্ষণ করেন ও মুঠোফোনে চিত্র ধারণ করেন। ২০০৯ সালের ৭ নভেম্বরের ওই ঘটনার পর মুঠোফোনে ধারণ করা ওই সব চিত্র ছড়িয়ে দেওয়া হয় বিভিন্নজনের মুঠোফোনে। বিষয়টি জানাজানি হলে মেয়েটি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে।ওই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মাহবুবুর রহমান গত বছরের ৭ জুলাই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্যও দেন। কিন্তু বাদী গত ১ মার্চ আদালতে এই মর্মে সাক্ষ্য দেয়, আসামি তাকে ধর্ষণ করেননি। আসামিকে সে চিনে না। তার দুলাভাই ইউসুফ আলীর (বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাখরাজপাড়া গ্রামে) চাপের মুখে সে ওই মামলা করে। আসামির বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটির দুলাভাই ইউসুফ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউসুফ আলীর সঙ্গে আসামির বিরোধ ছিল।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বেশির ভাগই সঠিক প্রমাণিত হচ্ছে না। এসব মামলার রায় দেওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করা হয়, ইচ্ছা করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদীর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। ভিত্তিহীন মামলা পরিচালনার ক্ষেত্রে আদালতের মূল্যবান সময় যেমন নষ্ট হয়, তেমনি মামলার জটও বাড়ে।’চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ৯৫ শতাংশের বেশি মিথ্যা। জমিজমা বা অন্যান্য বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব মামলা করা হয়।’ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আজম প্রথম আলোকে বলেন, ‘এসব মামলা করার জন্য কিছু পেশাদার মহিলা জড়িত। তাদের প্রতিদিনই আদালতে ঘোরাফেরা করতে দেখা যায়। একশ্রেণীর নারী বা তাদের ভাড়া করা নারীরা বাদী হয়ে মামলা করে হয়রানের শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা করে। আর এসব মামলা দায়েরে সহায়তা করে একশ্রেণীর আইনজীবী ও পুলিশ।’পুলিশের জেলা পর্যায়ের একজন কর্মকর্তাও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার অধিকাংশ মিথ্যা বলে মন্তব্য করেছেন। এসব মামলা দায়েরে কিছু ভাড়াটে নারী কাজ করছে বলেও তিনি নিশ্চিত করেছেন।চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র আহ্বায়ক নুরুন্নাহার প্রথম আলোকে বলেন, মামলার বেশির ভাগই সঠিক প্রমাণিত না হওয়ার বিষয়টি যেমন উদ্বেগজনক, মিথ্যা মামলায় হয়রানির বিষয়টিও নিন্দনীয়। বলা হয়ে থাকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনটি নারীদের পক্ষে পক্ষপাতদুষ্ট। এর পরও সমাজে নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতা কমছে না।