৯৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনার উদ্যোগকে স্বাগত সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরিতে হলেও ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করে সংসদের সার্বভৌম ক্ষমতার জন্য এটা দরকার।
গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ কথা বলেন।
১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল। পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা বিচার বিভাগের কাছে ন্যস্ত হয়। এতে বলা হয়, বিচারপতিদের অভিশংসনে রাষ্ট্রপতির নির্দেশে প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে পারবেন। যদিও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কোনো নজির এখন পর্যন্ত নেই।
এখন সরকার সংবিধান সংশোধন করে এই ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে এরই মধ্যে গণমাধ্যমে খবর বের হয়েছে।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধন হবে এমন কথা তিনি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে শুনেছেন। সংসদের কাছে বিচার বিভাগের দায়বদ্ধতা ফিরিয়ে আনতে এই সংশোধন হওয়া দরকার। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে এটা হলে ভালো হতো। দেরিতে হলেও এটা হওয়া দরকার।
সুরঞ্জিত সেন দাবি করেন, এই অনুচ্ছেদ সংশোধন করার ব্যাপারে বিগত বিএনপি সরকারের আইনমন্ত্রীরও মত ছিল। এটা একটা নির্ধারিত বিষয়। তিনি বলেন, সেনাশাসকদের সব কাজকে অবৈধ বলে আদালতের রায় আছে। এ কারণে পঞ্চম সংশোধনীও অবৈধ হয়ে যায়। ফলে অনিবার্যভাবেই ৯৬ অনুচ্ছেদে সংশোধন হওয়া প্রয়োজন।
এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, ৯৬ অনুচ্ছেদ বাহাত্তরের সংবিধান অনুযায়ী হুবহু ফিরিয়ে না আনলে সার্বভৌম সংসদের অঙ্গহানি হয়। সংসদ সার্বভৌম থাকে না। অন্য দেশেও এটা আছে।