বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৯৬ জন কর্মচারীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত¯কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সোমবার এ রুল ও আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডেপুটি ও অতিরিক্ত রেজিস্ট্রার এবং বাছাই কমিটিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমীন সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ২৮৭ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন উপাচার্য মো. রফিকুল হক ও তাঁর প্রশাসন ৩১৩ জনকে নিয়োগ দেন। পরে ৩ মার্চ নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় ওই নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে নিয়োগ পাওয়া ওই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছিলেন। ১৬ আগস্ট পর্যন্ত তাঁরা বিনা বেতনে কাজ করেছেন।
গত ৭ এপ্রিল নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষকদের চাপে পদত্যাগ করেন রফিকুল হক। ২৪ এপ্রিল নতুন উপাচার্য আলী আকবর ওই নিয়োগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশে ৯৬ জন কর্মচারীর স্থায়ী নিয়োগ বাতিল করে বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৩০ আগস্ট চাকরিচ্যুত কর্মচারীরা হাইকোর্টে রিট আবেদন করেন।