বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ফেব্রুয়ারিতে স্থায়ী নিয়োগ পাওয়া ৩১৩ জন কর্মচারীর মধ্যে ৯৬ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ বাতিল হওয়া কর্মচারীদের নামের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ২৮৭ জন কর্মচারীকে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন উপাচার্য মো. রফিকুল হক ও তাঁর প্রশাসন ৩১৩ জনকে নিয়োগ দেন।
পরে ৩ মার্চ নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে নিয়োগ পাওয়া ওই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছিলেন। গতকাল পর্যন্ত তাঁরা বিনা বেতনে কাজ করেছেন।
গত ৭ এপ্রিল নিয়োগে অনিয়ম, অর্থ-বাণিজ্য ও নারী কেলেঙ্কারির অভিযোগে শিক্ষকদের চাপে পদত্যাগ করেন রফিকুল হক। ২৪ এপ্রিল নতুন উপাচার্য অধ্যাপক আলী আকবর ওই নিয়োগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির সুপারিশে ৯৬ জন কর্মচারীর স্থায়ী নিয়োগ বাতিল করল বর্তমান প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ বাতিল হওয়া এক কর্মচারী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী এ সিদ্ধান্ত মানি না। নিয়োগ পুনর্বহাল না করলে কঠোর আন্দোলন করা হবে।’ আরেক কর্মচারী তাজউদ্দিন বলেন, ‘নিয়ম মেনে স্বচ্ছভাবে আমায় নিয়োগ করা হয়েছে। যারা দুর্নীতি করল তাদের নিয়োগ বহাল থাকল। কিন্তু আমার নিয়োগ বাতিল হলো।’
দায়িত্বশীল একটি সূত্র জানায়, নিয়োগ বহাল থাকা কর্মচারীদের মধ্যে অনেকেই আছেন যাঁরা এক বিভাগে নিয়োগের আবেদন করে অন্য বিভাগে নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তদন্ত কমিটির প্রধান ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের শিক্ষক মু. আবুল কাসেম বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ও সুষ্ঠুভাবে তদন্ত করা হয়েছে। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আফজাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তের মাধ্যমে ওই কর্মচারীদের নিয়োগ বাতিল করা হয়েছে।