বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের কর্মক্ষেত্রে অংশ গ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঠানো এক রিট পিটিশন থেকে এ তথ্য জানা গেছে।
রিট পিটিশনের তথ্যানুযায়ী, গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
একই সঙ্গে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত¯কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডেপুটি ও অতিরিক্ত রেজিস্ট্রার এবং বাছাই কমিটিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ২৮৭ জন কর্মচারীকে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন উপাচার্য মো. রফিকুল হক ও তাঁর প্রশাসন ৩১৩ জনকে নিয়োগ দেন। পরে ৩ মার্চ নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে নিয়োগ পাওয়া ওই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছিলেন। ১৬ আগস্ট পর্যন্ত তাঁরা বিনা বেতনে কাজ করেছেন।
গত ৭ এপ্রিল নিয়োগে অনিয়ম, অর্থ-বাণিজ্য ও নারী কেলেঙ্কারির অভিযোগে শিক্ষকদের চাপে পদত্যাগ করেন রফিকুল হক। ২৪ এপ্রিল নতুন উপাচার্য অধ্যাপক আলী আকবর ওই নিয়োগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির সুপারিশে ৯৬ জন কর্মচারীর স্থায়ী নিয়োগ বাতিল করে বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চাকরিচ্যুত কর্মচারীরা হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
আরও পড়তে ক্লিক করুন..