৯৬ সিসি ক্যামেরার আওতায় মেহেরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সড়ক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার হামিদুল আলম।
হামিদুল আলম বলেন, শহরে নাশকতা, সন্ত্রাস, ছিনতাই, চুরিসহ যেকোনো অপরাধরোধে এসব সিসি ক্যামেরা কাজে আসবে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ৯৬টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শহরের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী, সমিতির লোকজন অর্থসহায়তা দিয়েছে।
সিসি ক্যামেরা উদ্বোধনের সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।