৯৭ উপজেলায় আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৯৭টি উপজেলায় আজ বুধবার ভোট গ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট দিয়ে ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।
বিরোধী দলবিহীন একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী রাজনৈতিক জোট বিএনপি-জামায়াতের অংশ গ্রহণের মাধ্যমে উপজেলা নির্বাচনে উৎসবের আমেজ ফিরে এসেছে। তবে নির্বাচন কতটা স্বচ্ছ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। এ বিষয়ে দলটি গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৯৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলার মোট ভোটারসংখ্যা এক কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে নারী ৮১ লাখ ৫৪ হাজার ৫৩ এবং পুরুষ ৮০ লাখ ৬১ হাজার ৩৮৪ জন। পাঁচ বছর পর উপজেলা নির্বাচন হচ্ছে।
ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, উপজেলা নির্দলীয় নির্বাচন হলেও অনানুষ্ঠানিকভাবে এ নির্বাচনে সব দল অংশ নিচ্ছে। যে কারণে এ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সহিংসতা ঘটবে না।
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য গত সোমবার থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক প্লাটুন সেনাসদস্য টহল দেবেন। শুক্রবার পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন। এ ছাড়া নিয়মিত বাহিনী হিসেবে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার থাকবে।
প্রথম ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৯৯৫টি। সারা দেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিশন সচিবালয়ে একটি সেল গঠন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন। এই পর্যবেক্ষক দলে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। তাঁরা কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে বসে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিএনপির অভিযোগ: বিএনপির অভিযোগে বলা হয়েছে, সারা দেশে ব্যাপক হারে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ-সংক্রান্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি গতকাল বিকেলে কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামের হাতে তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মো. বরকত উল্লাহ।
এরপর রিজভী সাংবাদিকদের বলেন, গত ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের আগে-পরে গুম, গণহত্যা, গ্রেপ্তার করা হয়েছিল। এই নির্বাচনেও বিএনপির প্রার্থীদের বাড়ি আক্রমণ, লুটপাট, নারী-শিশুদের ওপর নির্যাতন চলছে। প্রার্থী ও নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এলাকাছাড়া করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার যে দায়িত্ব ইসির, সে দায়িত্ব ইসি যথাযথভাবে পালন করছে না। বর্তমান নির্বাচন কমিশন নির্বিকার, নির্লিপ্ত।
রিজভী বলেন, এ নির্বাচনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন। ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটলে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা হবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, নির্বাচনী অভিযোগ আমলে নেওয়ার দায়িত্ব মাঠ প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ ব্যবস্থা নেবে। কেউ ঢালাওভাবে অভিযোগ করলে কমিশন তা আমলে নেবে না।