৯৭ উপজেলায় ভোট কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা নির্বাচন ২০১৪
উপজেলা নির্বাচন ২০১৪

চতুর্থ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল বুধবার থেকে শুরু হচ্ছে। প্রথম দফায় কাল ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।
এবার ছয় ধাপে উপজেলা নির্বাচন হবে। প্রথম ধাপে ১০২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয় ১৯ জানুয়ারি। এর মধ্যে সীমানা জটিলতার কারণে রংপুর সদর, পীরগাছা, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া পীরগঞ্জ উপজেলার ভোট গ্রহণের দিন ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। যে কারণে কাল ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে।
ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচনের মতো সহিংসতা উপজেলা নির্বাচনে ঘটবে না। কারণ, এতে সব দল অংশ নিচ্ছে। তিনি জানিয়েছেন, সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
নির্বাচনে সহায়ক শক্তি হিসেবে গতকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনাসদস্য টহল দেবেন। তারা ভোটের পরের দুই দিন পর্যন্ত মাঠে অবস্থান করবে। এ ছাড়া নিয়মিত বাহিনী হিসেবে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার থাকবে।
প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট এক হাজার ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৩২, ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন আছেন।
৯৮টি উপজেলার মোট ভোটার এক কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন এবং নারী ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৯৯৫টি এবং ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি।
প্রতিটি ভোটকেন্দ্রে একজন পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পার্বত্য এলাকার ভোটকেন্দ্রে ১৭ জন করে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য ৩৮৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৭ জন বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে।