৯৭ উপজেলায় ভোট গ্রহণ শেষ

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলায় আজ বুধবার ভোট নেওয়া শেষ হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। বগুড়াসহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও গোলযোগের খবর পাওয়া গেছে। পাঁচটি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া অন্যত্র মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোট দিয়েছেন।
বিরোধী দল ছাড়াই একতরফাভাবে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন নির্দলীয় হলেও অনানুষ্ঠানিকভাবে এ নির্বাচনে সব দল অংশ নেয়। এ কারণে এই নির্বাচনে একটি উত্সবের আমেজ তৈরি হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৯৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪২৯, ভাইস চেয়ারম্যান পদে ৫০৫ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এসব উপজেলার মোট ভোটার এক কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ৮১ লাখ ৫৪ হাজার ৫৩ এবং পুরুষ ৮০ লাখ ৬১ হাজার ৩৮৪ জন। পাঁচ বছর পর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৯৯৫টি। সারা দেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিশন সচিবালয়ে একটি সেল গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন। এই পর্যবেক্ষক দলে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। তাঁরা কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে বসে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য গত সোমবার থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক প্লাটুন সেনাসদস্য টহল দিচ্ছেন। শুক্রবার পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন। এ ছাড়া নিয়মিত বাহিনী হিসেবে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন।
উপজেলা নির্বাচনের ফলাফল কেমন হবে, তা নিয়ে আওয়ামী লীগ ও সরকারে উদ্বেগ-উত্কণ্ঠা আছে। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেওয়ার কারণে ফলাফলকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ৯৭টি উপজেলার মধ্যে অন্তত ৪০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
তৃণমূল চাঙা রাখা এবং আন্দোলনে নতুন করে গতি সঞ্চারের লক্ষ্যে উপজেলা নির্বাচন করছে বিএনপি। এ নির্বাচনকে আন্দোলনের ‘দম’ হিসেবে দেখছে দলটি। পাশাপাশি ‘একচেটিয়া’ বিজয় ছিনিয়ে নিয়ে দলটি দেখাতে চায়, তাদের পক্ষে
বড় ধরনের জনসমর্থন আছে। এ জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উপজেলা নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
৯৭টি উপজেলার মধ্যে ৫৪টিতে বিএনপির একাধিক নেতা প্রার্থী ছিলেন। কেন্দ্রের পরামর্শে বেশির ভাগ জায়গায় শেষ পর্যন্ত একক প্রার্থী রয়েছেন। তবে এখনো ১৫-১৬টি উপজেলায় একাধিক প্রার্থী রয়ে গেছেন। নির্বাচনের সঙ্গে যুক্ত দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে প্রথম দফার নির্বাচনে ৭০-৮০ শতাংশ উপজেলায় তাঁদের জয় হবে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাঁদের সংশয় আছে।