৯৭ জওয়ানের মামলা প্রত্যাহারের শুনানি ১৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রে বিদ্রোহে অংশ নেওয়া সাবেক বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৭ জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের বিষয়ে আগামী ১৮ অক্টোবর শুনানি হবে। একই দিন বিডিআরের সাবেক আরও দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ চন্দ্র সাহা এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ৮ আগস্ট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় ‘নালিশি মামলা আংশিক প্রত্যাহার’সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনটি আদালতে দাখিল করেন। গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। পিপি মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মামলা প্রত্যাহারসংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের ওপর শুনানি করতে আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না। সময়ের আবেদন করলে আদালত ১৮ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।’ আদালত সূত্র জানায়, ২০০৯ সালে সাতকানিয়া বিডিআর প্রশিক্ষণকেন্দ্র বাইতুল ইজ্জতের জওয়ানেরা বিদ্রোহ করে। এ ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়।