ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) কর্মকর্তা, কর্মচারীসহ ৯৭টি পদের মধ্যে বর্তমানে ৪৪টি পদ শূন্য রয়েছে। পরিচালক, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ ও সহকারী বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ ১৬টি পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ ও গবেষণার কাজ। নেপ সূত্র জানায়, গত ২৯ মে থেকে পরিচালকের পদ শূন্য। এ ছাড়া একাডেমির মোট সাতটি অনুষদে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ ও সহকারী বিশেষজ্ঞের পদগুলো শূন্য থাকায় প্রশিক্ষণ ও গবেষণার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানের অধীনে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের কোর্স ও কারিকুলাম পরিচালিত হয়। কিন্তু এ প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক পদ শূন্য থাকায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে।সূত্র আরও জানায়, কর্মরত ৫৩ কর্মকর্তা-কর্মচারীর অনেককে বিভিন্ন সময় নানা কাজে প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নেপের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জনবল সংকটের কারণে প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে এবং গবেষণার কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে।প্রায় অর্ধেক কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় প্রশিক্ষণ ও গবেষণার কাজে নেতিবাচক প্রভাব পড়ছে কি না, জানতে চাইলে নেপের মহাপরিচালক মো. নাজমুল হাসান খান প্রথম আলোকে জানান, সব সময় প্রশিক্ষণ থাকে না। তবে যখন থাকে তখন কিছুটা সমস্যা হয়।শূন্য পদে নিয়োগ প্রসঙ্গে নাজমুল হাসান খান বলেন, একমাত্র পরিচালকের পদে সরকার সরাসরি নিয়োগ দিতে পারে। আশা করছি, দ্রুত একজন পরিচালক নিয়োগ দেওয়া হবে। আর অন্য পদের জন্য প্রবিধানমালা রয়েছে। তাই এসব নিয়োগ একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবে প্রবিধানমালা অনুমোদনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।