৯৮ জন এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা ডিগ্রি কলেজের ৯৮ জন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীর এবারের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ৮০ জন পরীক্ষার্থীর নিবন্ধন কার্ডে নামে ভুল এবং ১৮ জনের নিবন্ধন কার্ড এখনো কলেজে না পৌঁছানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কলেজে তালা ঝুলিয়ে দেয় এবং কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা এসে আগামী দুই দিনের মধ্যে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানায়, এ কলেজ থেকে এ বছর মোট ১৯৫ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষা দেবে। এ জন্য তারা কলেজের নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ৮০ জন পরীক্ষার্থীর নিবন্ধন কার্ডে নাম ভুল ছাপা হয়েছে। এ ছাড়া ১৮ জন পরীক্ষার্থীর নিবন্ধন কার্ড এখনো কলেজে পৌঁছায়নি। গতকাল সকাল ১০টায় শিক্ষার্থীরা কলেজে নিবন্ধন কার্ড নিতে এলে এসব অসংগতি ধরা পড়ে। পরীক্ষার ঠিক পাঁচ দিন আগে এ ধরনের ভুল ধরা পড়ায় পরীক্ষায় তাদের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দেয় এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করে এর প্রতিকার দাবি করে। পরে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা এসে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ডের অবহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের নামের ভুল সংশোধন করতে তাদের কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (আজ) এ কাজে দুজন বোর্ডে যাচ্ছেন। এ ছাড়া বোর্ডে আটকে থাকা ১৮ জন পরীক্ষার্থীর নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্ড পরীক্ষার আগেই তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস জানান, ‘এ ধরনের কোনো ভুল বোর্ড কর্তৃপক্ষ করে থাকলে, কলেজ থেকে যোগাযোগ করলে তা আমরা দ্রুত সমাধান করে দেব।’