৯৮-তেও সচল তিনি রাজনীতিতে

বয়স ৯৮। এই বয়সেও মিছিল-সমাবেশে অংশ নেন। নিয়মিত দলীয় কার্যালয়ে বসেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সী।
দিলওয়ার হোসেন মুন্সী জানালেন, শিক্ষা সনদ অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১৯১৮ সালের ১ নভেম্বর। সে হিসাবে বয়স ৯৮ বছর পার হলেও বাস্তবে বয়স আরও দু-এক বছর বেশি হবে। পরিমিত আহার আর ধূমপানমুক্ত নিয়ম মাফিক জীবনযাপন তাঁর দীর্ঘ জীবনের রহস্য। এই বয়সে তিনি স্বাভাবিক চলাফেরা করছেন।
প্রতিদিন ভোর চারটার মধ্যে ঘুম থেকে ওঠেন। ফল দিয়ে সকালের নাশতা করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। সকাল নয়টায় গরম ভাত, ভর্তা, ডাল ও ডিম দিয়ে সকালের খাবার খান। দুপুর ও রাতে মাছ ও সবজি দিয়ে ভাত খান। মাংস, পোলাও এড়িয়ে চলার চেষ্টা করেন। রাত নয়টার মধ্যে ঘুমিয়ে পড়েন। ধূমপান ও চা পানের নেশা নেই। শুধু চুন, তামাক ছাড়া দিনে দু-একবার পান-সুপারি খান।
নিরাহঙ্কার, মিষ্টিভাষী, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত দিলাওয়ার হোসেন মুন্সী চার যুগ ধরে রাজনীতি করছেন। সব শ্রেণি-পেশার মানুষের কাছে রয়েছে গ্রহণযোগ্যতা। দীর্ঘদিন রাজনীতি করলেও তাঁর বিরুদ্ধে নেই কোনো মামলা। বহু বছর ধরে স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের সম্ভ্রান্ত এক রাজনৈতিক পরিবারে দিলওয়ার হোসেন মুন্সীর জন্ম। বাবা আরব আলী মুন্সী ছিলেন মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট (চেয়ারম্যান)। তাঁর মা সবুর জান বিবি ছিলেন সাবেক এমএলএ (এমপি) খান সাহেব হাতেম আলী জমাদ্দারের ফুফু। ১৯৩৪ সালে দিলওয়ার হোসেন নেছারাবাদ উপজেলার ইলুহাট বিএল একাডেমি থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর খুলনার দৌলতপুর কৃষি কলেজ থেকে কৃষিতে ডিপ্লোমা করেন। ১৯৪৫ সালে যোগ দেন ব্রিটিশ সরকারের কৃষি বিভাগে। ১৯৭৩ সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। খুলনায় কয়েক বছর ঠিকাদারি করার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল জাগদলে যোগ দেন। বিএনপির মঠবাড়িয়া থানা শাখার প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সহসভাপতি, আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২২ বছর ধরে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০১০ সালে তিনি সর্বশেষ দলের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। চার ভাই ও ছয় বোনের মধ্যে একমাত্র তিনি বেঁচে আছেন। দুই ছেলে ও সাত মেয়ের বাবা দিলওয়ার হোসেন মুন্সীর নাতি-নাতনি ৪৬ জন।

দিলওয়ার হোসেন মুন্সী বলেন, ‘কৃষি বিভাগে চাকরির সুবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক প্রয়াত এম এ সামাদ তালুকদারের সঙ্গে সুসম্পর্ক ছিল। সামাদ তালুকদারের আহ্বানে জাগদলে যোগ দিই। এরপর বিএনপিতে। তবে আমি সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে চলার চেষ্টা করেছি। বিএনপি করলেও সব দলের মানুষ আমাকে ভালোবাসেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন (দুলাল) বলেন, দিলওয়ার হোসেন মুন্সী বৃদ্ধ বয়সেও মিছিল ও সমাবেশে অংশ নেন। প্রতিদিন সকালে ও বিকেলে দলীয় কার্যালয়ে বসেন। নেতা-কর্মীদের বিপদে আপদে খোঁজ খবর নেন। তাঁর কাছ থেকে আমরা অহিংস ও পরমতসহিষ্ণু রাজনীতির শিক্ষা পেয়েছি।
রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও অন্য রাজনৈতিক দলগুলোর অনেক নেতা-কর্মীর কাছেও জনপ্রিয় মানুষটি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক বলেন, ‘দিলওয়ার হোসেন মুন্সী সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি। শতবর্ষের দ্বারপ্রান্তে এসেও রাজনীতিতে সক্রিয় এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া বিরল।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন বলেন, ‘দিলওয়ার হোসেন মুন্সীকে আমরা যদি রাজনীতিক হিসেবে দেখি, তাহলে তিনি অনেকটা অসাম্প্রদায়িক। আর ব্যক্তি হিসেবে অতুলনীয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি কিংবা অপরাজনীতির কোনো অভিযোগ নেই।’
দিলওয়ার হোসেন মুন্সী একটি রাজনৈতিক দলের সভাপতি হলেও অন্য দলগুলোর নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন, এমন মন্তব্য উপজেলা জাতীয় পার্টির সভাপতি (এরশাদ) নাজমুল আহসানের। তিনি বলেন, ‘তাঁকে আমরা ছোট বেলা থেকে দেখে এসেছি। তিনি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেননি।’