৯৮ দিন পর লাশ এল সৌদিপ্রবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহীর বাগমারার যুবক আবুল হোসেনের লাশ ৯৮ দিন পর দেশে এসে পৌঁছেছে। গত বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।উপজেলার নাগপাড়া গ্রামের আফজাল হোসেন জানান, তাঁর বড় ভাই আবুল হোসেন তিন বছর আগে তুরাগ আল-জাজিরা কোম্পানিতে গাড়িচালকের চাকরি নিয়ে সৌদি আরবে যান। গত বছরের ২০ ডিসেম্বর সৌদি আরবের আল কাসিম জেলার বুবাদিয়া শহরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ওই দিন কোম্পানির বাংলাদেশের এক কর্মকর্তা সোহেল রানা তাঁর স্ত্রী জিন্নাতুননেসার মুঠোফোনে খবরটি জানান। দেশে লাশ পাঠানো হবে বলেও জানান তিনি। লাশের ময়নাতদন্তের পর তা ওই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়। সেই থেকে লাশটি সেখানেই ছিল।এদিকে লাশ ফেরত পাওয়ার জন্য নিহতের পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। তার পরও সংশ্লিষ্টরা কবে লাশ আসবে তা জানাতে পারেননি। এ নিয়ে প্রথম আলোয় গত ২৪ ও ৩১ জানুয়ারি দুটি সংবাদ ছাপা হয়। এ ছাড়া বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তর মহাপরিচালককে চিঠি দেন।অবশেষে গত বুধবার দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে আবুলের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান স্ত্রী জিন্নাতুননেসা লাশ গ্রহণ করেন। ওই দিন রাতে তাঁর লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভারী হয়ে আসে গোটা বাড়ি। এলাকার লোকজন লাশটি একনজর দেখার জন্য ভিড় করে।